চিকিৎসা করতে পারবেন মাইকেলের চিকিৎসক
প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনকে চেতনানাশক ওষুধ অতিমাত্রায় প্রয়োগের অভিযোগে অভিযুক্ত তাঁর ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে চিকিৎসা চালিয়ে যেতে পারবেন। সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত এ রায় দেন।কনরাড মারের চিকিৎসা সনদ বাতিল করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের চিকিৎসা পর্ষদের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়। শুনানিতে বিচারক বলেন, কনরাড মারের চিকিৎসা সনদ বাতিল করার ক্ষমতা তাঁর নেই। শুনানির সময় মাইকেলের পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন। চিকিৎসক মারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি মাত্রাতিরিক্ত চেতনানাশক ওষুধ দেওয়ায় মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়েছে। এ জন্য তিনি মাইকেলকে হত্যার অভিযোগে অভিযুক্ত। কিন্তু মারে এই অভিযোগ অস্বীকার করেছেন। বিচারে দোষী সাব্যস্ত হলে, মারের চার বছরের কারাদণ্ড হতে পারে। গত বছরের ২৫ জুন মারা যান মাইকেল জ্যাকসন। এএফপি, বিবিসি।