চিকিৎসা শেষে দেশে ফিরলেন চাভেজ
কিউবায় চিকিৎসা শেষে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গতকাল সোমবার দেশে ফিরেছেন। গত ৮ জুন চাভেজ কিউবায় যান এবং ১০ জুন ক্যানসারের কোষবাহী একটি টিউমার অপসারণের জন্য সেখানে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। তাঁর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা ধরনের গুজব সৃষ্টি হয়। গতকাল তিনি দেশে ফেরায় সব গুজবের অবসান হলো।দেশে ফিরে হুগো চাভেজ রাজধানী কারাকাসে তাঁর প্রাসাদের বারান্দা থেকে ভেনেজুয়েলার জাতীয় পতাকা নাড়ান। এ সময় তাঁর সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন। চাভেজ তাঁর হাজার হাজার সমর্থকের উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, তিনি তাঁর স্বাস্থ্য রক্ষার লড়াইয়ে জয়ী হবেন। তবে তাঁকে আরও চিকিৎসা নিতে হবে।চাভেজ বলেন, ‘ফিরে আসা শুরু হলো।’ সমর্থনের জন্য তিনি জনগণকে ধন্যবাদ জানান। চাভেজ বলেন, ‘যে ধরনের রোগই হোক না কেন, তার জন্য জনগণের সমর্থনই হলো সবচেয়ে ভালো ওষুধ।’কোনো ধরনের সাহায্য ছাড়াই দাঁড়িয়ে প্রায় আধা ঘণ্টা ভাষণ দেন হুগো চাভেজ। এটি কোনো লিখিত ভাষণ ছিল না।চাভেজ তাঁর ভাষণে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কিউবায় ক্যানসারের চিকিৎসার সময় ফিদেলই ছিলেন আসলে তাঁর প্রধান চিকিৎসক।এ সময় উল্লসিত জনতা স্লোগান দেয়, ‘ভেনেজুয়েলা দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক ভেনেজুয়েলার জনগণ, দীর্ঘজীবী হোন ফিদেল কাস্ত্রো, দীর্ঘজীবী হোন চাভেজ।’ জনতা এ সময় ভেনেজুয়েলার জাতীয় সংগীতও গায়।এদিকে গতকাল মঙ্গলবার স্পেন থেকে ভেনেজুয়েলার স্বাধীনতার ২০০তম বার্ষিকী উদ্যাপন করেছে সে দেশের জনগণ। এ উপলক্ষে কারাকাসে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সড়কে সড়কে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবিসি।