চিকিৎসা শেষে দেশে ফিরলেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। এ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গত তিন সপ্তাহের মধ্যে গতকাল শুক্রবার প্রথমবারের মতো তিনি জনসমক্ষে হাজির হন।ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে, ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বিমান থেকে নামছেন চাভেজ। কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে। এ সময় চাভেজ বলেন, দেশে ফিরতে পেরে তিনি খুবই খুশি। তবে তাঁর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। গত ২৭ নভেম্বর চিকিৎসার উদ্দেশ্যে কিউবায় যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।লোকমুখে প্রচার, গত বছর অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করেন চাভেজ। তবে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কখনো কিছু জানানো হয়নি। কিন্তু গত জুলাইয়ে প্রেসিডেন্ট দাবি করেন, তিনি ক্যানসারমুক্ত।১৯৯৯ সাল থেকে ক্ষমতায় আছেন চাভেজ। সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁকে অসুস্থ দেখালেও গত ৭ অক্টোবরের ওই নির্বাচনে তৃতীয় মেয়াদের জন্য তিনি পুনর্নির্বাচিত হন। এএফপি।