চিকিৎসা শেষে দেশে ফিরেছেন চাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ চিকিৎসা শেষে কিউবা থেকে দেশে ফিরেছেন। গত বুধবার গভীর রাতে তিনি বারিনাসে পৌঁছান। চাভেজ শিগগিরই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী অক্টোবরে ভেনেজুয়েলায় নির্বাচন হবে।দেশে ফিরে চাভেজ জানান, তিনি এখন অনেকটা সুস্থ। ক্যানসারের দ্বিতীয় দফা রেডিয়েশন নেওয়ার পর শরীরে বড় ধরনের কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি। অনেকেই ভেবেছিলেন, কিউবা থেকে চিকিৎসা নেওয়ার পরে চাভেজ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ফিরবেন। কিন্তু তিনি বারিনাসে ফিরে যান। সেখানে চাভেজকে তাঁর মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্য, সরকারি কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা অভ্যর্থনা জানান। কিউবা ছাড়ার আগে এক বার্তায় চাভেজ লিখেছিলেন, ‘ধন্যবাদ ফিদেল, ধন্যবাদ রাউল, ধন্যবাদ কিউবা, আমি বাঁচব এবং জিতব।’ চিকিৎসা নেওয়ার সময় চাভেজের সঙ্গে কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রো ও তাঁর ভাই প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এএফপি।