চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ে দুই সপ্তাহের চিকিৎসা শেষে গতকাল সোমবার দেশে ফিরেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তাঁর অনুপস্থিতিতে গুজব ছড়িয়ে পড়েছিল, তিনি ক্ষমতা ছেড়ে দিচ্ছেন।ভাড়া করা একটি বিমানে রোববার দিবাগত রাত একটার দিকে দেশে ফেরেন জারদারি। বিমানটি অবতরণ করে করাচির একটি বিমানঘাঁটিতে। এ সময় তাঁর মেয়ে ও একান্ত সহকারীরা জারদারির সঙ্গে ছিলেন।বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে জারদারি নিজের পারিবারিক বাড়ি বিলাওয়াল হাউসে পৌঁছান। সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মনজুর ওয়াসান সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট বিলাওয়াল হাউসেই থাকবেন। তবে কত দিন থাকবেন তা জানাতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির জ্যেষ্ঠ নেতা কামার জামান কায়রা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘দুবাইয়ের চিকিৎসকেরা জানিয়েছেন প্রেসিডেন্ট এখন ভ্রমণ করতে পারবেন। এর পরই তিনি পাকিস্তানে ফিরেছেন।’কামার জামান আরও বলেন, ‘সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। তিনি এখন দেশেই উপস্থিত আছেন এবং সব বিতর্কের জবাব দেবেন।’হূদেরাগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য ৬ ডিসেম্বর দুবাই যান জারদারি। পরে জানা যায়, তিনি ছোট ধরনের হূদেরাগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তাঁর অনুপস্থিতিতে গুজব ছড়িয়ে পড়ে, তিনি ক্ষমতা ছেড়ে দিতে পারেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেনাবাহিনীর ক্ষমতা সংকুচিত করতে তাঁর এক সহযোগী যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছিলেন। এ বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হবে কি না, গতকাল রাতে সে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের।তবে জারদারির দেশে ফেরার পেছনে সুপ্রিম কোর্টের বিষয়টি সংশ্লিষ্ট নয় বলে দাবি করেছেন দলীয় নেতারা। তাঁর সহযোগীরা জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদে ফেরার আগ পর্যন্ত করাচিতেই যথারীতি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন জারদারি।প্রেসিডেন্টের মুখপাত্র আইতজাজ দুররানি জানান, ২৭ ডিসেম্বর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন জারদারি। এরপর তিনি রাজধানীতে ফিরবেন। এএফপি, বিবিসি।