চিকিৎসার জন্য ইরাকের প্রেসিডেন্ট জার্মানি গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের অসুস্থ প্রেসিডেন্ট জালাল তালাবানি উন্নত চিকিৎসা নিতে গতকাল বৃহস্পতিবার জার্মানি গেছেন। তাঁর সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দলও আছে। এর আগে জার্মান চিকিৎসকেরা তালাবানির স্বাস্থ্য পরীক্ষা করে জানান, তিনি বিমান ভ্রমণ করতে পারবেন।গত সোমবার স্ট্রোক করলে তালাবানিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসকেরা জানান, তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। গত কয়েক বছরে প্রেসিডেন্ট বেশ কয়েকবার অসুস্থ হন। যুক্তরাষ্ট্রে ২০০৮ সালে তাঁর হূৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এর আগের বছর তিনি পানিশূন্যতায় ভুগলে তাঁকে জর্ডানে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপে বেশ কয়েকবার চিকিৎসা নেন।ইরাকের রাজনীতিতে তালাবানির উত্থান বেশ বৈচিত্র্যময়। প্রথমে তিনি ছিলেন কুর্দি বিদ্রোহী। এরপর হন রাজনৈতিক নেতা এবং সর্বশেষ ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট তালাবানি শিয়া-সুন্নি এবং কুর্দি ও আরবদের মধ্যে বিভেদ দূর করতে কাজ করে যাচ্ছেন। এ কাজের জন্য তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। এএফপি, বিবিসি।