চিকিৎসার জন্য ফের কিউবা যাবেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ক্যানসারের চিকিৎসার জন্য আবারও কিউবা যাবেন। গত শুক্রবার প্রেসিডেন্ট চাভেজ নিজেই এই তথ্য জানান।গত জুনে কিউবায় চাভেজের শরীর থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ক্যানসারের কোষবাহী টিউমার অপসারণ করা হয়। এরপর সেখানে কেমোথেরাপি নিচ্ছিলেন তিনি। গত মাসেই কিউবা থেকে দেশে ফেরেন চাভেজ।ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে টেলিফোনে চাভেজ বলেন, তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার (আজ) কিউবা যাবেন। স্বাস্থ্য পরীক্ষার পর প্রয়োজন হলে কেমোথেরাপি নেবেন। ৫৭ বছর বয়সি সমাজতান্ত্রিক এই নেতা বলেন, ‘আমি দিন দিন সুস্থ হয়ে উঠছি। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় এটা বোঝা গেছে। তবে আমার শারীরিক অবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক নয়।’চাভেজ কোন ধরনের ক্যানসারে আক্রান্ত, তা উল্লেখ করেননি। গণমাধ্যমে প্রচারিত প্রোস্ট্যাট ক্যানসার বা কোলন ক্যানসারের কথাও নাকচ করে দেন তিনি। চাভেজ আবারও বলেন, চিকিৎসকেরা তাঁর শরীরে ক্ষতিকর কোনো কোষের সন্ধান পাননি। রয়টার্স।