চিকিৎসায় নোবেল তিনজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস রথম্যান, রেন্ডি শেকম্যান, থমাস সুডহফ
জেমস রথম্যান, রেন্ডি শেকম্যান, থমাস সুডহফ

চিকিৎসাবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন ও এক জার্মান গবেষক। তাঁরা হলেন যুক্তরাষ্ট্রের জেমস রথম্যান ও রেন্ডি শেকম্যান এবং জার্মানির থমাস সুডহফ। কোষের মধ্যে উৎপন্ন রাসায়নিক অণুর স্থানান্তর-প্রক্রিয়া কীভাবে সংঘটিত হয়, তা আবিষ্কারের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।
সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট গতকাল সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারের ঘোষণা দেয়। নোবেল কমিটি জানিয়েছে, ওই তিন বিজ্ঞানী দেখিয়েছেন যে কোষ থেকে কোষে রাসায়নিক অণুর পরিবহন কীভাবে নিয়ন্ত্রিত হয়। ওই পরিবহনব্যবস্থায় কোনো সমস্যা সৃষ্টি হলে রোগ প্রতিরোধব্যবস্থা ব্যাহত হয়। এতে করে স্নায়বিক সমস্যা ও ডায়াবেটিস রোগ হতে পারে। এসব রোগের চিকিৎসায় নতুন আলো দেখাবে তিন গবেষকের ওই আবিষ্কার।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, মানবদেহের প্রতিটি কোষ একেকটি রাসায়নিক অণুর কারখানা। কোষের মধ্যেই রাসায়নিক অণুর সৃষ্টি হয় এবং সেখান থেকে তা ছড়িয়ে পড়ে প্রয়োজনীয় জায়গামতো। কোষ থেকে কোষে বা কোষের বাইরে ওই সব রাসায়নিক অণুর পরিবহন হয় প্যাকেজ আকারে, চিকিৎসাশাস্ত্রে একে বলা হয় ভেসিকল। সঠিক সময়ে এবং দেহের সঠিক স্থানে এই ভেসিকল পৌঁছে দেওয়ার কাজটি কোষ কীভাবে নিয়ন্ত্রণ করে, তা-ই উদ্ভাবন করেছেন তিন গবেষক।
গবেষক রেন্ডি শেকম্যান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মলিক্যুলার ও সেল বায়োলজির অধ্যাপক। কোষ পরিবহনের পক্রিয়া নিয়ন্ত্রিত হয় যেসব জিনের মাধ্যমে, তা শনাক্ত করেছেন তিনি। আর ইয়েল বিশ্ববিদ্যালয়ের সেল বায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক জেমস রথম্যান সন্ধান পেয়েছেন একটি প্রোটিন যৌগের। এই প্রোটিনের কাজ ভেসিকল বা রাসায়নিক অণুর প্যাকেজ স্থানান্তরে সহায়তা করে।
শেকম্যান ও রথম্যানের উদ্ভাবনের পরবর্তী ধাপটি সম্পন্ন করেছেন জার্মানির নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থমাস সুডহফ। ঐতিহ্য আনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে। পুরস্কারের আর্থিক মূল্যমান ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার) নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন তিন গবেষক। এএফপি, নিউইয়র্ক টাইমস।