চিকিৎসায় ‘সেরে উঠেছে’ এইচআইভি আক্রান্ত শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে এইচআইভির সংক্রমণ নিয়ে জন্ম নেওয়া এক শিশু চিকিৎসায় সেরে উঠেছে বলে গতকাল সোমবার গবেষকেরা দাবি করেছেন। তাঁরা বলেছেন, জন্ম নেওয়ার পর থেকেই মানসম্মত চিকিৎসায় শিশুটি সেরে ওঠে। আটলান্টায় ২০তম বার্ষিক রেট্রোভাইরাসেস অ্যান্ড অপরচুনিস্টিক সম্মেলনে (সিআরওআই) বাল্টিমোরের জন্স হপকিনস ইউনিভার্সিটির ভাইরাসবিদ ডেবোরা পারসুড এইচআইভির সংক্রমণে চিকিৎসার ওই অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, নবজাতক শিশুদের এইচআইভির সংক্রমণ নিরাময় করা সম্ভব হতে পারে—এটা তারই দৃষ্টান্ত।বর্তমানে মিসিসিপির ওই শিশুটির বয়স আড়াই বছর। জন্মের পরপরই চিকিৎসা শুরু হলেও বছর খানেক আগে শিশুটিকে ওষুধ দেওয়া বন্ধ করা হয়। সে সময় তার শরীরে কোনো সংক্রমণ ধরা পড়েনি। তবে এইচআইভির সংক্রমণ নিয়ে জন্ম নেওয়া অন্য শিশুদের বেলায়ও এ ধরনের চিকিৎসা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো উচিত বলে গবেষকেরা মত দিয়েছেন। আর মিসিসিপির শিশুটি যদি ‘সম্পূর্ণ সেরে’ ওঠে—তাহলে এইচআইভির সংক্রমণ থেকে সেরে ওঠার এটা হবে দ্বিতীয় ঘটনা।এর আগে ২০০৭ সালে টিমোথি ব্রাউন নামের এইচআইভি আক্রান্ত এক মার্কিন চিকিৎসায় সেরে ওঠেন। তাঁর শরীরে বোন ম্যারো প্রতিস্থাপনের পাঁচ বছর পর এইচআইভি ও লিউকেমিয়া থেকে সেরে ওঠেন তিনি। মূলত লিউকেমিয়া নিরাময়ের উদ্দেশ্যে তাঁর শরীরে বোন ম্যারো প্রতিস্থাপন করা হয়েছিল। আর যে ব্যক্তি ব্রাউনকে বোন ম্যারো দান করেছিলেন, প্রকৃতিগতভাবেই সেটা এইচআইভি প্রতিরোধী ছিল।তবে মিসিসিপির শিশুটির বেলায় বাজারে অবাধে পাওয়া যায় এমন কিছু ওষুধের ‘মিশ্রণ’ প্রয়োগ করা হয়েছে। এর আগেও শিশুদের এইচআইভির সংক্রমণ প্রতিরোধের জন্য এ ধরনের ওষুধ ব্যবহার করা হয়েছে। এর মানে শরীরে ছড়িয়ে পড়ার আগেই নিবিড় চিকিৎসা করা হলে এইচআইভি নিরাময় সম্ভব। বিবিসি।