রাজ্যসভায় হট্টগোল সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার দাবি
চিঠি ফাঁসের ঘটনা বড় ধরনের রাষ্ট্রদ্রোহিতা: ভি কে সিং
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে লেখা চিঠি ফাঁস করেননি বলে দাবি করেছেন ভারতের সেনাপ্রধান ভি কে সিং। তিনি চিঠি ফাঁস হওয়ার ঘটনা ‘বড় ধরনের রাষ্ট্রদ্রোহিতা’ উল্লেখ করে বলেন, এ ঘটনার অবশ্যই তদন্ত করতে হবে এবং দোষীদের কঠিন সাজা দিতে হবে।গতকাল বৃহস্পতিবার টাইমস নাও-এর সঙ্গে আলাপকালে এই মন্তব্য করে সেনাপ্রধান ভি কে সিং এসব কথা বলেন। সেনাবাহিনীর সমরাস্ত্রের নাজুক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠি ফাঁস হওয়ার পর এই প্রথম মুখ খুললেন ভি কে সিং।প্রতিরক্ষা সূত্র জানায়, চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের যোগাযোগের বিষয়টি ফাঁস হওয়ার ঘটনা তদন্তে গোয়েন্দা সংস্থাকে (আইবি) নির্দেশ দেওয়া হয়েছে।জাতীয় নিরাপত্তার বিষয়ে এই গুরুত্বপূর্ণ চিঠি ফাঁস হওয়ায় সেনাবাহিনী ও সরকারের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এর জের ধরে গতকাল ভি কে সিংকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে। প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন। সেনাপ্রধানের লেখা চিঠির বিষয়টি নিয়ে গতকাল ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বেশ হট্টগোল হয়। সরকারের গুরুত্বপূর্ণ গোপন বিষয় ফাঁস হওয়া ও জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন আইন প্রণেতারা।জনতা দলের আইনপ্রণেতা শিবানন্দ তিওয়ারি সেনাপ্রধানের অপসারণ দাবি করেন। পিয়ারি মোহন বলেন, তাঁকে অবিলম্বে সরিয়ে দেওয়াই ভালো।সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরি বলেন, চিঠি ফাঁস হওয়ার পেছনে যাঁরা দায়ী, তাঁরা নিজ পদের অমর্যাদা করেছেন। তাঁদের আটক করে এর জবাবদিহি নেওয়া উচিত। টাইমস অব ইন্ডিয়া।