চিঠির ব্যাখ্যা দিতে পাকিস্তানে ফিরেছেন রাষ্ট্রদূত হাক্কানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাব্য সামরিক অভ্যুত্থান ঠেকাতে সহায়তা চেয়ে ওবামা প্রশাসনের কাছে কথিত চিঠি লেখার জন্য আলোচিত পাকিস্তানি রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি গতকাল রোববার দেশে ফিরেছেন। ওই অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা দিতে পাকিস্তান সরকার তাঁকে ডেকে পাঠিয়েছিল। পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, হুসেইন হাক্কানি রোববার সকালে ইসলামাবাদে পৌঁছেছেন। পরিস্থিতির ব্যাখ্যা দিতে তিনি কয়েকটি বৈঠকে যোগ দেবেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে।পাকিস্তানের দৈনিক দ্য নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়, চিঠির বিষয়টি নিয়ে গত ২২ অক্টোবর লন্ডনের একটি হোটেলে আইএসআইয়ের প্রধান সুজা পাশার সঙ্গে ব্যবসায়ী ইজাজের দীর্ঘ বৈঠক হয়। আইএসআইয়ের প্রধান ইজাজের কাছে পাওয়া তথ্যগুলো সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানিকে জানিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যমের সাম্প্রতিক কিছু প্রতিবেদনে বলা হয়, লাদেনকে হত্যার পর ক্ষুব্ধ পাকিস্তানি সামরিক বাহিনীর সম্ভাব্য অভ্যুত্থান ঠেকাতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মার্কিন সহায়তা চেয়ে হুসেইন হাক্কানির মাধ্যমে তৎকালীন মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেনের কাছে চিঠি দেন।ব্যবসায়ী মানসুর ইজাজ গত মাসে ফিন্যানশিয়াল টাইমস পত্রিকায় প্রকাশিত এক কলামে বলেন, ‘প্রেসিডেন্ট জারদারির পক্ষ থেকে মার্কিন সহায়তা চেয়ে পাঠানো একটি বার্তা মাইক মুলেনের কাছে পৌঁছে দিতে হুসেইন হাক্কানি আমার সাহায্য চেয়েছিলেন।’ ইজাজ বলেন, রাষ্ট্রদূত তাঁকে মৌখিকভাবে ওই বার্তা পাঠাতে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মার্কিন কর্মকর্তারা লিখিত বার্তা দাবি করেন। এদিকে পাকিস্তানের বিরোধী দলের নেতা নওয়াজ শরিফ এ ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন। তবে এমন কোনো চিঠির সঙ্গে সংশ্লিষ্টতার কথা ইতিমধ্যেই অস্বীকার করেছেন হুসেইন হাক্কানি। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমি ইজাজের দাবি প্রত্যাখ্যান করছি।’ গত বুধবার হাক্কানি প্রেসিডেন্ট জারদারির কাছে পদত্যাগপত্র দাখিল করেন। কিন্তু তা গৃহীত হয়নি। এর আগেই তাঁকে ওয়াশিংটন থেকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। হুসেইন হাক্কানি পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারির ঘনিষ্ঠ বলে পরিচিত। এএফপি, রয়টার্স, পিটিআই অনলাইন।