চিতার গতি রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিতার দ্রুতগতির কথা সবারই জানা। কিন্তু সেই গতির রহস্য কী? বিড়াল ও কুকুরের গতির সঙ্গে তার পার্থক্যই বা কী? জাপানের একদল গবেষক বলছেন, চিতার দ্রুতগতির কারণ তার পেশিতন্তুর বিশেষ বিন্যাস।গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে স্তন্যপায়ী প্রাণীবিষয়ক সাময়িকী ম্যামালিয়ান বায়োলজিতে। এতে উঠে এসেছে বিড়াল ও কুকুরের গতির তুলনামূলক পার্থক্যের কারণও।বিজ্ঞানীরা বলছেন, চিতার গোটা শরীরের পেশিতন্তুর বিন্যাস নিয়ে এমন পরীক্ষা এই প্রথম। গবেষণায় দেখা গেছে, চিতার সমস্ত শরীরে ছড়িয়ে রয়েছে নানা রকম পেশিতন্তু। বিশেষ করে সামনে ও পেছনের পায়ে বিশেষ পেশিতন্তুর ব্যবহারই দ্রুতগতির মূল কারণ।সব স্তন্যপায়ী প্রাণীতেই পেশিতন্তু রয়েছে। কিন্তু সব পেশির কাজ সমান না। গতির জন্য দায়ী এমন পেশিতন্তুকে বিজ্ঞানীরা কয়েকটি ভাগে ভাগ করেছেন। এর মধ্যে ‘টাইপ ওয়ান’ নামের পেশি কম বল তৈরি করলেও এটি অক্লান্তভাবে কাজ করতে পারে। ধীরে চলার জন্য এর অঙ্গবিন্যাসও জুতসই।আবার ‘টাইপ টু এ’ নামের পেশিতন্তু স্বাভাবিক ও দ্রুতগতিতে হাঁটার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর। আর দ্রুতগতিতে চলার জন্য দায়ী পেশিতন্তু হলো ‘টাইপ টু এক্স’। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন দ্রুতগতির পেশিতন্তু। চিতার দ্রুতগতির রহস্যের পেছনে রয়েছে ‘টাইপ টু এক্স’ পেশিতন্তু। চিতার গোটা শরীরের পেশিবিন্যাস পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বলছেন, একটি দ্রুতগতিসম্পন্ন চিতা বেশির ভাগ সময় বাতাসে ভাসমান থাকে। সামনে ও পেছনের পায়ে বিশেষ পেশিতন্তুর বিন্যাসই চিতার গতির পার্থক্যের অন্যতম কারণ।ড. ওয়াদা চিতার চলনপদ্ধতিকে গাড়ির পেছনের চাকার ঘূর্ণনের সঙ্গে তুলনা করে বলেন, চিতার পেছনের পায়ের আঙুলে দ্রুতগতির তন্তু নেই। তা আবার সামনের পায়ের আঙুলে রয়েছে। এ কারণে চিতা ভারসাম্য রক্ষার পাশাপাশি থামতে ও ঘুরে যেতে পারে। বিবিসি