চিদাম্বরম-প্রণবের বিরোধ নিরসনে মনমোহনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই সদস্য প্রণব মুখার্জি ও পি চিদাম্বরমের সঙ্গে গতকাল বৃহস্পতিবার কথা বলেছেন। দ্বিতীয় প্রজন্মের (টুজি) মোবাইল ফোনের কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি এ দুই মন্ত্রীর মধ্যে সৃষ্ট বিরোধের অবসানের লক্ষ্যে মনমোহন এ উদ্যোগ নেন। টেলিকম কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো অর্থমন্ত্রী প্রণব মুখার্জির একটি চিঠিকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের জের ধরে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম । প্রণব মুখার্জির অর্থ মন্ত্রণালয় থেকে চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ২০০৮ সালে অর্থমন্ত্রী থাকাকালে আরও বলিষ্ঠ হওয়া উচিত ছিল চিদাম্বরমের। ওই সময় গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রজন্মের ফোনের লাইসেন্স প্রদানসংক্রান্ত ব্যাপারে বড় ধরনের দুর্নীতি হয়। বিষয়টির দায়িত্বে ছিলেন তৎকালীন টেলিকমমন্ত্রী এ রাজা। বর্তমানে তিনি কারাবন্দী রয়েছেন।প্রণব মুখার্জি গতকাল মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, টুজি টেলিকম কেলেঙ্কারি বিষয়ে তিনি তাঁর নিজস্ব কোনো অভিমত তুলে ধরতে চাননি। এ নিয়ে আন্তমন্ত্রণালয় যেসব নথিপত্র তৈরি হয়েছে, তিনি শুধু সে বিষয়টিই তুলে ধরতে চেয়েছেন। প্রণব মুখার্জি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তখন তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, টেলিকমমন্ত্রী কিপাল সিবাল এবং আইন ও বিচারমন্ত্রী সালমান খুরশিদ। বিষয়টি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতা ও প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেন সোনিয়া। চিদাম্বরমের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানিয়েছে সূত্রগুলো। বিষয়টির দ্রুত নিষ্পত্তি চান সোনিয়া। এর আগে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধীর ১০ জনপথ রোডের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের প্রবীণ নেতা ও বর্তমান অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি অনলাইন।