ভারতে টু-জি মোবাইল লাইসেন্স বরাদ্দে দুর্নীতির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে অভিযুক্ত করার জন্য জনতা পার্টির সভাপতি সুব্রামানিয়াম স্বামীর করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল শনিবার দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) একটি বিশেষ আদালত এ মামলার শুনানি শেষে তা খারিজ করে দেন।তবে এক প্রতিক্রিয়ায় সুব্রামানিয়াম স্বামী বলেছেন, তিনি এ ব্যাপারে আরও তথ্যপ্রমাণসহ উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। এই আদেশে আশাহত, তবে হতাশ নন বলে জানান তিনি।সুব্রামানিয়ামের আবেদনের শুনানিতে বিশেষ আদালতের বিচারক ও পি সাইনি বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে অভিযুক্ত করে আপনি যে আবেদন করেছেন, তা খারিজ করা হলো।’আদালত বলেছেন, সাবেক টেলিযোগাযোগমন্ত্রী এ রাজার বিরুদ্ধে সুব্রামানিয়ামের করা মামলার শুনানি শুরু হবে ১৭ মার্চ।সুব্রামানিয়ামের আইনজীবী তরুণ গাম্ভার বলেছেন, ‘আমাদের দেওয়া তথ্যপ্রমাণ চিদাম্বরমকে অভিযুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট ছিল। যেহেতু সিবিআইয়ের আদালতে হয়নি, তাই আমরা উচ্চ আদালতে যাব।’টু-জি মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দে দুর্নীতির কারণে চার হাজার কোটি ডলার রাজস্ব হারিয়েছে দেশটি। এ ঘটনায় সরকারের একজন মন্ত্রীসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ রয়েছে। পিটিআই।