চিদাম্বরমের পশ্চিমবঙ্গ সফর নিয়ে উত্তপ্ত লালগড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের পশ্চিমবঙ্গ রাজ্যের মাওবাদী-অধ্যুষিত লালগড় সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে জঙ্গল মহল। ইতিমধ্যে এ সফরের বিরোধিতায় নেমেছে পুলিশি সন্ত্রাস-বিরোধী জনগণের কমিটি।চিদাম্বরম গতকাল শনিবার সন্ধ্যায় আসামের রাজধানী গুয়াহাটি থেকে কলকাতায় আসেন। আজ রোববার সকালে তাঁর মাওবাদী-অধ্যুষিত লালগড় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি মাওবাদী দমন অভিযান নিয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফর বানচাল করতে গতকাল শনিবার সকাল নয়টার দিকে মাওবাদীরা লালগড় থেকে ১৫ কিলোমিটার দূরে বামল গ্রামের সড়কে একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটায়। এতে আধাসামরিক বাহিনী সিআরপিএফের দুজন জওয়ান আহত হয়। তাদের গায়ে স্প্লিন্টার লাগে। পরে যৌথ বাহিনীর জওয়ানেরা দুই গ্রামবাসীকে আটক করে। এদিকে গতকাল সকালে পুরুলিয়ার বান্দোয়ানের ঝাড়খন্ড সীমান্তে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর বন্দুকযুদ্ধে দুই মাওবাদী নিহত হয়েছে। পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমের সফরের বিরোধিতায় জনসাধারণের কমিটি আজ সকাল থেকে মাওবাদী-অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুরা জেলায় ২৪ ঘণ্টার বন্ধ্ ডেকেছে। একই সঙ্গে তারা কাল সোমবার থেকে ওই তিন জেলায় সড়ক অবরোধেরও ডাক দিয়েছে। গত বছরের জুন মাসে মাওবাদীদের নির্মূলে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো মাওবাদীদের শক্ত ঘাঁটি লালগড়ে যাচ্ছেন চিদাম্বরম। গতকাল সন্ধ্যায় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।