চিন্তন শিবিরে রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী করার দাবি
ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। গতকাল শনিবার জয়পুরে দলের চিন্তন শিবিরে বিষয়টি আরও জোরালো হয়েছে।জাতীয় কংগ্রেসের চিন্তন শিবিরের দ্বিতীয় দিন গতকাল ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিনদিয়া, রাজীব শুকলা, ভিপ্রাপ্পা মৈলী, জিতিন প্রসাদ ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মণিশংকর আইয়ার রাহুলকে বড় ধরনের দায়িত্ব দেওয়ার পক্ষে কথা বলেন। পরিবর্তিত পরিস্থিতে ভারতের বিপুল তরুণ জনগোষ্ঠীর দাবির প্রতি সাড়া দিয়ে রাহুলকে নেতা করার প্রস্তাব করেন তাঁরা। কংগ্রেসের তরুণ নেতা মিলিন্দ দিয়োরা বলেন, তরুণদের ক্ষমতায়নের বিষয়ে চিন্তন শিবিরে মতৈক্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার চিন্তন শিবিরের প্রথম দিনেও রাজ বাব্বর ও অবতার সিং বাধনসহ কয়েকজন নেতা আগামী লোকসভা নির্বাচন সামনে রেখে রাহুলকে দলের প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান।