চিরকুমার থাকার আভাস দিলেন রাহুল গান্ধী
ভারতের নেহরু-গান্ধী পরিবারের সদস্য ও দেশটির সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী রাহুল গান্ধী বিয়ে না করার বা সন্তানাদি জন্ম না দেওয়ার আভাস দিয়েছেন। ক্ষমতাসীন দল কংগ্রেসের দ্বিতীয় শীর্ষ পদে সম্প্রতি দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীপুত্র ৪২ বছর বয়সী রাহুলের নাম ঘোষণা করা হয়। সুনাম ও তারুণ্যদীপ্ত ভাবমূর্তির জন্য রাহুল আগামী বছর দেশটিতে অনুষ্ঠেয় নির্বাচনে কংগ্রেসের প্রধান আশা-ভরসা হয়ে উঠেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অবশ্য রাষ্ট্রীয় পদ গ্রহণের বিষয়ে ইতিমধ্যে অনিচ্ছার কথা জানিয়েছেন। তা ছাড়া পরিবারতান্ত্রিক রাজনীতির সমালোচনাও করেছেন তিনি।নয়াদিল্লিতে গত মঙ্গলবার দলীয় সদস্যদের সঙ্গে আলাপচারিতায় রাহুল আভাস দেন, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ না হতে পারেন। কেননা তাঁর ধারণা, বিবাহের পর সন্তানাদি হলে তাদেরও তিনি নিজের মতোই রাজনীতিতে জড়িয়ে ফেলতে পারেন। এ সময় রাহুল আরও বলেন, ‘আমি যদি বিয়ে করি এবং আমার সন্তান হয়, তাহলে আমি সামাজিক মান-মর্যাদা নিয়ে অনেক বেশি সচেতন হয়ে পড়তে পারি এবং আমিও অন্যদের মতোই চাইতে পারি সন্তানেরা আমার জায়গা নিক।’বিশ্লেষকেরা বলেন, দুই বছর ধরেই রাহুল নিজেকে একজন সাধারণ মানুষের কাতারে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। তিনি মনে করেন, তাঁর মূল লক্ষ্যই হলো কংগ্রেসকে আরও গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠা এবং দলে তরুণ নেতৃত্ব উৎসাহিত করা।নিজ উচ্চাকাঙ্ক্ষার প্রশ্ন এড়িয়ে রাহুল দলীয় সদস্যদের জানিয়ে দেন, প্রধানমন্ত্রী হওয়ার দিকে তিনি মনোনিবেশ করছেন না। তাঁর এমন মন্তব্যে দলের নেতাদের মধ্যেও দুশ্চিন্তা দেখা দিয়েছে।কিছু বিশ্লেষক ওই মন্তব্যের ব্যাখ্যায় বলছেন, রাহুল তাঁর মায়ের দৃষ্টান্ত অনুসরণেরই ইঙ্গিত দিয়েছেন। ভারতে কংগ্রেস ক্ষমতাসীন হওয়ার পর রাহুলের মা সোনিয়া প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করে পর্দার অন্তরালে থেকে সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ২০০৪ সালে নির্বাচনে জয়ের পর সোনিয়া মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। এএফপি।