চিরতরে মঙ্গলে পাড়ি!
পৃথিবীর মায়া কাটিয়ে সহজে অন্যলোকে পাড়ি দিতে চান না কেউ। কিন্তু গন্তব্য যদি মঙ্গল গ্রহ হয়? সে ক্ষেত্রে মনে হয় হিসাবটা অন্য। এ কারণেই হয়তো জন্মের মতো মঙ্গল গ্রহে পাড়ি জমাতে ইচ্ছুক সারা বিশ্বের অন্তত এক লাখ ৬৫ হাজার মানুষ। নেদারল্যান্ডসসের ‘মার্স ওয়ান’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান ২০২৩ সালে মঙ্গল গ্রহে স্থায়ীভাবে মানুষের জন্য বসতি স্থাপনের একটি প্রকল্প হাতে নিয়েছে। ওই প্রকল্পের আওতায় রহস্যময় লালগ্রহে যেতে আগ্রহী ব্যক্তিদের নাম নিবন্ধন করার আজই শেষ দিন। এ পর্যন্ত বিশ্বের অন্তত ১৪০টি দেশের এক লাখ ৬৫ হাজার মানুষ এ জন্য আবেদন করেছেন। মার্স ওয়ান সুদূর মঙ্গলে শুধু যাওয়ার ব্যবস্থা করবে। ফেরার ব্যবস্থা তাদের প্রকল্পে নেই। আবেদনকারীর সংখ্যার দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত হুজুগে মানুষে ভরা দেশটির ৩৭ হাজার ৮৫২ জন আবেদন করেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন (১৩ হাজার ১২৪) ও ব্রাজিল (আট হাজার ৬৮৬)। চতুর্থ স্থানটি দখল করেছে ভারত। গত ২৭ আগস্ট পর্যন্ত ভারতের আট হাজার ১০৭ জন মঙ্গলে যাওয়ার জন্য আবেদন করেছেন। ১৮ বছরের বেশি বয়সের যে কারও মঙ্গলে যাওয়ার জন্য আবেদন করার সুযোগ ছিল। মার্স ওয়ানের কর্মকর্তারা মনে করেন, মঙ্গলে মানুষের বসতি স্থাপন সম্ভব। তাঁরা বলছেন, বর্তমান প্রযুক্তি ব্যবহার করেই মানুষ মঙ্গলে প্রথমবারের মতো পা রাখবে।
মার্স ওয়ানের অঙ্গ সংগঠন ইন্টারপ্ল্যানেটরি মিডিয়া গ্রুপ এ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করেছে। পিটিআই।