চিরপ্রস্থানে মার্কেস

কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস যিনি ৮৭ বছর এ পৃথিবীর আলো-হাওয়ায় শ্বাস নিয়েছেন, পৃথিবীর অগণিত পাঠককে তাঁর কলম থেকে ঝরে পড়া বর্ণে-শব্দে-বাক্যে সৃষ্ট ম্যাজিক রিয়ালিজমের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন; সকালের সংবাদপত্রের মতো অমোঘ আকর্ষণে যার সদ্য প্রকাশিত গ্রন্থ প্রকাশের পরপরই ট্রেনে-প্ল্যাটফর্মে-রাস্তায় হকারের হাত থেকে মুহূর্তে নিঃশেষ হয়ে যেত; তিনি চলে গেলেন।
১৭ এপ্রিল বৃহস্পতিবার মেক্সিকোর নিজ বাড়িতে মার্কেসের মৃত্যুর সঙ্গে সঙ্গে লাতিন আমেরিকান সাহিত্যের সবচাইতে উজ্জ্বল আলোকশিখাটি নিভে গেল। এক খবরে মার্কেসের পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই নোবেলজয়ী লেখকের মৃত্যু সংবাদের বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাসপাতাল থেকে মাত্র দিনকয়েক হল বাড়ি ফিরেছিলেন তিনি। হাসপাতালে তাঁর ফুসফুস ও মূত্রনালির সংক্রমণের চিকিত্সা হয়েছিল।
কলম্বিয়ান এই জনপ্রিয় ঔপন্যাসিকের পেশাজীবন শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে স্প্যানিশ ভাষার সর্বকালের অন্যতম সেরা লেখক খ্যাত মার্কেস জীবনযাপনে একরকম সংগুপ্তই ছিলেন বলা চলে। তাঁর ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড (নিঃসঙ্গতার একশো বছর) উপন্যাস তাঁকে এনে দিয়েছিল জগতজোড়া খ্যাতি। ১৯৬৭ সালে প্রকাশিত এ উপন্যাস বিক্রি হয়েছিল কয়েক কোটি।