চিলিতে অগ্ন্যুৎপাতে ছাইমেঘ আলোর ভয়ানক ঝলকানি
চিলির দক্ষিণাঞ্চলীয় পুয়েহুয়ে আগ্নেয়গিরি থেকে গত রোববার দ্বিতীয় দিনের মতো ব্যাপক অগ্ন্যুৎপাত হয়েছে। অগ্ন্যুৎপাতের সময় লাভার সঙ্গে ঝামাপাথর বেরিয়ে আসে। এ সময় ১০ কিলোমিটার উঁচুতে পাঁচ কিলোমিটার দীর্ঘ ঘন ছাইমেঘের সৃষ্টি হয়।অগ্ন্যুৎপাতের কারণে চিলির দক্ষিণাঞ্চলের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এদিন অগ্ন্যুৎপাতের সময় রাতভর ছাইয়ের সঙ্গে আলোর ভয়ানক ঝলকানি দেখা গেছে।গত শনিবার বিকেলে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর পুয়েহুয়ে- কউলে কর্ডন অঞ্চলের ২২টি বসতির অধিকাংশ বাসিন্দাকে সরকারি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। অনেকে বন্ধুবান্ধবদের বাড়িতেও আশ্রয় নিয়েছে। এদিকে নিলাহুয়ে নদীর উপচে পড়া পানিতে বন্যার সৃষ্টি হতে পারে—এ আশঙ্কায় একটি আশ্রয়কেন্দ্র থেকে ১২২ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অগ্ন্যুৎপাতের কারণে এখনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।চিলির শ্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি রদ্রিগো উবিল্লা জানান, আগ্নেয়গিরির আশপাশের এলাকার কয়েকটি পরিবার তাদের গবাদিপশু রেখে অন্যত্র না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।বায়ু প্রবাহের কারণে রোববার বিকেল পর্যন্ত ছাইমেঘ আন্দিজ পর্বতমালা ছাড়িয়ে আর্জেন্টিনার আকাশে পৌঁছে যায়। ছাইমেঘের কারণে আর্জেন্টিনার পর্যটন শহর সান কার্লোস দে বারিলোচের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা সেখানকার লোকজনদের মুখ ও নাক ঢেকে চলাচল করার জন্য পরামর্শ দিয়েছে। মানুষের খাদ্য ও খাবার পানি মজুদ করাসহ যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।তবে বাতাসের গতির পরিবর্তন হওয়ায় রোববার চিলির সীমান্ত এলাকায় ছাই পড়া শুরু হয়। আগ্নেয়গিরি থেকে ৭০ কিলোমিটার উত্তরে লাগো রানকো শহরের মেয়র সান্তিয়াগো রোজাস বলেন, পরিস্থিতি খুবই জটিল। তিনি বলেন, বাতাসের গতি পরিবর্তন হওয়ার মানে আরও ছাই বৃষ্টি হতে পারে। এতে মানুষের ক্ষতি হতে পারে। এ ঘটনায় ক্ষুদ্র কৃষি খামারিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।কর্মকর্তারা জানায়, পার্বত্য অঞ্চলের সড়কগুলোতে ছাইয়ের কারণে কোনো কিছু ভালভাবে দেখা যাচ্ছে না। এ কারণে কার্ডেনাল সামুর এলাকায় সীমান্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে। চিলির রাজধানী সান্তিয়াগোর এক হাজার কিলোমিটার দক্ষিণে ওই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এপি।