চিলিতে আটকে পড়া শ্রমিকদের খাবার পাঠানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ৪৮ ঘণ্টা পর দুই চা-চামচ টুনা মাছ, এক চুমুক দুধ এবং অর্ধেকটা বিস্কুট খেয়ে ১৮ দিন পার হয়েছে চিলির সোনা ও তামার খনিতে আটকে পড়া ৩৩ শ্রমিকের। তবে গত সোমবার তাঁদের জন্য খাবার, পানি ও ওষুধ পাঠানো হয়েছে। অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তাঁদের। এ ছাড়া তাঁদের সঙ্গে কথা বলার ব্যবস্থাও করা হয়েছে। তাঁদের উদ্ধার করতে চার মাস লাগতে পারে। সে দেশের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৭০০ মিটার (দুই হাজার ৩০০ ফুট) মাটির নিচে আটকে থাকা শ্রমিকদের প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা হয়েছে। শ্রমিকেরা জানিয়েছেন, তাঁরা ক্ষুধা অনুভব করছেন। তবে সুস্থ আছেন। শুধু একজন শ্রমিক পেটের সমস্যায় ভুগছেন। তাঁরা টুথব্রাশ চেয়ে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন। এদিকে, আটকে পড়া শ্রমিকদের ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে ওই ভিডিওচিত্র শ্রমিকদের স্বজনদের দেখানো হয়েছে।চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, জাতি আজ আটকে পড়া ওই শ্রমিকদের জন্য উদ্বেগ ও আনন্দে অশ্রু ঝরিয়েছে। শ্রমিকেরা বেঁচে আছেন, এটা সত্যিই সৌভাগ্যের। সবার জন্য সুসংবাদ।স্বাস্থ্যমন্ত্রী জেইম ম্যানালিচ জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কয়েক মাস সময় লেগে যেতে পারে। তবে এ তথ্য শ্রমিকদের জানানো হয়নি। শ্রমিকদের কাছে পাঠানো স্পিকারের মাধ্যমে তাঁদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলার ব্যবস্থা নেওয়া হয়েছে।মাটির নিচে আটকে পড়া শ্রমিকেরা গত রোববার বিশেষ কৌশলে পাঠানো লিখিত বার্তায় জানান, ‘আটকে পড়া ৩৩ জনের সবাই বেঁচে আছি।’ বিবিসি ও এপি।