চিলিতে আবার ক্ষমতায় বামপন্থী বাসিলেত

চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা মিশেল বাসিলেত। গত রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে সাবেক এই প্রেসিডেন্ট আবার ক্ষমতায় ফিরলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ৬২ শতাংশ ভোট পেয়েছেন বাসিলেত। আর ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী জোটের প্রার্থী সাবেক মন্ত্রী ইভলিন ম্যাথেই পেয়েছেন ৩৮ শতাংশ ভোট। ভোটের পুরো ফলাফল পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, এবার প্রত্যাশার চেয়ে কম ভোট পড়েছে।
বাসিলেত ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আইন অনুযায়ী তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়। গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে তিনি অল্পের জন্য সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হলে ১৫ ডিসেম্বর দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হয়। প্রথম দফা নির্বাচনে তিনি ৪৭ শতাংশ আর ম্যাথেই ২৫ শতাংশ ভোট পান।
জয় নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বাসিলেত (৬২) বলেন, ‘আমি এই জয়ে খুশি হয়েছি। আমি চিলির সবার প্রেসিডেন্ট হব।’ তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।
পরাজিত প্রার্থী ম্যাথেই (৬০) সাংবাদিকদের বলেন, ‘বাসিলেত জয়ী হয়েছেন, এটা এখন স্পষ্ট। আমরা তাঁকে অভিনন্দন জানাই। পরে আমি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে কথা বলব।’
বাসিলেত সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি আজ আপনাদের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পেরে গর্বিত। আমরা যে দেশ গড়েছি, তাতে আমি গর্বিত।’
চিলিতে ১৯৯০ সালে জেনারেল অগাস্তো পিনোশের ১৭ বছরের সামরিক শাসনের অবসানের পর বাসিলেতই প্রথম ব্যক্তি, যিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। নির্বাচনে জয়ের খবর জানার পরপরই তাঁর সমর্থকেরা রাজধানী সান্তিয়াগোর রাস্তায় নেমে বিজয় উদ্যাপন শুরু করেন।
শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষিত বাসিলেত তাঁর সোশ্যালিস্ট পার্টি, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস এবং কমিউনিস্টদের সমন্বয়ে গঠিত জোটের নেতৃত্ব দেন। তাঁর নির্বাচনী প্রচারণায় ঘোষিত নীতির মধ্যে অন্যতম হচ্ছে ধনী-দরিদ্র্যের মধ্যে ব্যবধান কমানো।
চিলি দক্ষিণ আমেরিকার ধনী দেশগুলোর একটি হলেও দেশটির লাখ লাখ মানুষ কয়েক বছর ধরেই সম্পদের সুষম বণ্টন এবং অধিকতর শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করে আসছে। বাসিলেত বিনা মূল্যে বিশ্ববিদ্যালয় শিক্ষাসুবিধা দিতে কর বাড়ানোর পক্ষে। এ ছাড়া তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবকাঠামোতে সংস্কারের অঙ্গীকার করেন।
২০১০ সাল বাসিলেত যখন ক্ষমতা ছাড়েন, তখনো ব্যাপক জনপ্রিয় ছিলেন। তবে পর পর দুবার প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে সাংবিধানিক বিধিনিষেধ থাকায় তখন তিনি নির্বাচন করতে পারেননি। বিবিসি।