চিলিতে আবার দুই দফায় ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ ভূমিকম্পের চার দিন পর গত বুধবার রাতে আবারও দুই দফায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এসব ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ৯ ও ৬। এদিকে গত শনিবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা আট শ ছাড়িয়ে গেছে। এএফপি ও রয়টার্স অনলাইন।দেশটির কর্মকর্তারা জানান, ভূমিকম্পের পরে চিলিতে নতুন করে সুনামির সতর্কতা জারি করা হয়। তবে আধঘণ্টা পরে তা তুলে নেওয়া হয়েছে। ভূমিকম্পের সময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছুটোছুটি করতে থাকে। কনসেপসিওন শহরের ত্রাণকর্মী নেলসন মুনা জানান, তিনি দুর্গতদের জন্য খাদ্য ও পানীয় নিয়ে যাচ্ছিলেন। এমন সময় সাইরেন শুনতে পান। এ সময় স্থানীয় বাসিন্দা ও সেখানে নিয়োজিত সেনাসদস্যরাও আতঙ্কে দিগ্বিদিক ছুটতে থাকেন। সরকারি কর্মকর্তারা জানান, মৃতের সংখ্যা আট শ দুইয়ে পৌঁছেছে। বেশির ভাগ মৃতদেহ মাউল শহরের বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, বিকৃত হয়ে যাওয়ায় নতুন করে উদ্ধার করা লাশের পরিচয় বের করা দুঃসাধ্য হয়ে পড়েছে।ভূমিকম্পবিধ্বস্ত কিছু এলাকায় বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক হয়েছে। যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।বুধবার ভূমিকম্পের পর প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট আবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এ সময় তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, পর্যাপ্ত খাদ্য ও পানি মজুদ আছে। এ ছাড়া ব্যাপকভাবে অবকাঠামো পুনর্গঠনের কাজ করা হবে। ব্যাশেলেট জানান, ভূমিকম্পে কৃষি ও পর্যটনশিল্পভিত্তিক অনেক কারখানা ধ্বংস হয়ে গেছে।কনসেপসিওনসহ দেশটির ভূমিকম্পবিধ্বস্ত অঞ্চলগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১৪ হাজারেরও বেশি সেনা কাজ চালিয়ে যাচ্ছেন।