চিলিতে খনিশ্রমিকদের উদ্ধারে সুড়ঙ্গ খননের কাজ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলিতে আটকে পড়া খনিশ্রমিকদের উদ্ধারে সুড়ঙ্গ খননের কাজ শেষ হয়েছে। গতকাল শনিবার সকালে খনির তলদেশে পৌঁছেছে সুড়ঙ্গ। উদ্ধারকাজের এ সাফল্যে উল্লাস প্রকাশ করেছেন শ্রমিকদের স্বজন ও উদ্ধারকর্মীরা। খনির পাশেই আনন্দে জাতীয় পতাকা উড়িয়েছেন তাঁরা। খনির ওপরে স্থাপন করা ক্যাম্পের লোকজন সুড়ঙ্গে পৌঁছানোর খবর পাওয়ার পর পার্শ্ববর্তী একটি পাহাড়ে গিয়ে ৩২টি চিলি ও একটি বলিভিয়ার পতাকা ওড়ান। উদ্ধারকাজে অংশ নেওয়া প্রকৌশলীরা জানান, সুড়ঙ্গের শেষ চার মিটার খুবই সাবধানে খনন করা হয়েছে। সুড়ঙ্গের ভেতর যাতে কোনো ধসের সৃষ্টি না হয় সে জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়।প্রকৌশলী আন্দ্রে সুগারেট জানান, সুড়ঙ্গ খননের চূড়ান্ত দিকের কাজ খুবই সতর্কতার সঙ্গে করা হয়েছে। শ্রমিকদের ওপরে তুলে আনতে সুড়ঙ্গ চওড়া করতে এখন বিস্ফোরণ ঘটানো হবে। বিস্ফোরণের পর পাথর পড়ে যাতে কেউ আহত না হন, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। খনিজমন্ত্রী বলেন, ‘মূল উদ্ধারকাজ শুরু হতে আরও তিন থেকে আট দিন সময় লেগে যেতে পারে।’ তবে স্বাস্থ্যমন্ত্রী জেইমি মানালিক বলেন, ‘চূড়ান্ত উদ্ধার অভিযান মঙ্গলবার শুরু হবে।’গত ৫ আগস্ট দুর্ঘটনাবশত চিলির সান জোস খনির একটি অংশ ধসে পড়ে। এতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ মিটার গভীরে ৩৩ জন শ্রমিক আটকা পড়েন। তাঁদের মধ্যে ৩২ জন চিলি ও একজন বলিভিয়ার নাগরিক। এএফপি ও বিবিসি|