চিলিতে খনিশ্রমিকদের সঙ্গে ফুটবল খেললেন প্রেসিডেন্ট
লাল জার্সি, নেভি ব্লু শার্টস, লাল মোজা পরে বুট পায়ে কোনো দেশের প্রেসিডেন্টকে ফুটবলের পেছনে ছুটতে দেখলে একটু অবাক হওয়ারই কথা। কোনো রাষ্ট্রপ্রধানকে সচরাচর এভাবে ফুটবল খেলতে দেখা যায় না। তা-ও আবার তিনি খেলছিলেন একদল খনিশ্রমিকের সঙ্গে। তবে এই খনিশ্রমিকেরা কেউ আর এখন সাধারণ ব্যক্তি নন। খনির ভেতর আটকে পড়ে প্রতিকূলতা জয় করে তাঁরা আজ বীরের সম্মানে ভূষিত। গত সোমবার এই ব্যতিক্রমী ফুটবল খেলার আয়োজন করা হয় চিলির রাজধানী সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে। খেলাটি ছিল চিলির সান হোসে খনি থেকে উদ্ধার করা ৩৩ জন শ্রমিকের সঙ্গে উদ্ধারকারী দলের প্রীতি ফুটবল ম্যাচ। এতে উদ্ধারকারী দলের পক্ষে নেতৃত্ব দেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। খেলায় তাঁর সম্মান রক্ষা পেয়েছে। উদ্ধারকারী দলের কাছে ৩-২ গোলে হেরেছে শ্রমিকদের দল। প্রেসিডেন্ট পিনেরা নিজেও একটি গোল করেন। নতুন জীবন শুরু করা খনিশ্রমিকদের মানসিকভাবে চাঙা করতে এবং দেশবাসীকে নির্মল আনন্দ উপহার দিতে সরকারের পক্ষ থেকে এই ফুটবল খেলার আয়োজন করা হয়। প্রায় দুই হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। উদ্ধারকারী ও সরকারি কর্মকর্তারা লাল জার্সি পরে একদলে খেলেন। খনিশ্রমিকেরা পরেন সাদা জার্সি। খনিতে আটকে থাকা ৩৩ জন শ্রমিককে জীবিত উদ্ধার করার বিষয়টিকে সম্মানজনকভাবে ফুটিয়ে তুলতে উভয় পক্ষের জার্সিতে ৩৩ নম্বরের ছাপ ছিল। দুই অর্ধ মিলিয়ে ৪০ মিনিটের এই খেলায় খনিশ্রমিকেরা শুরুতে এগিয়ে গেলেও শেষে এক গোলের ব্যবধানে হেরে যান। আক্রমণভাগে খেলে প্রেসিডেন্ট পিনেরা দ্বিতীয় গোল করেন। শ্রমিকদের পক্ষে প্রথম গোলটি করেন ফ্রাঙ্কলিন লোবোস। এ ব্যাপারে পিনেরা বলেন, শারীরিক শক্তির দিক দিয়ে শ্রমিকদের একটু ঘাটতি থাকলেও কৌশলে তারা যথেষ্ট দক্ষ। লোবোসের একটি গোলেই এর প্রমাণ মিলেছে। কয়েক দিন আগে এই খেলার কথা ঘোষণা করার সময় পিনেরা কৌতুক করে বলেছিলেন, ‘যারা হারবে, তাদের রেখে আসা হবে খনির ভেতর।’ সোমবার খেলা শেষে তিনি আবার কৌতুক করে বলেন, ‘হেরে যাওয়া দলকে এবার খনির ভেতর যেতে হবে, কী বলেন লোবোস সাহেব?’লোবোসও সকৌতুকে বলেন, ‘হ্যাঁ, আমরা আবার ফিরে যাচ্ছি খনির গহ্বরে।’ এর আগে সোমবার সকালে প্রেসিডেন্টের প্রাসাদে খনিশ্রমিকদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়। এই অনুষ্ঠানে কালো স্যুট-কোট পরা ৩৩ জন শ্রমিককে চিলির স্বাধীনতার দ্বিশতবার্ষিকী উপলক্ষে একটি করে পদক দেওয়া হয়। শ্রমিকেরা খনির ভেতর থাকা অবস্থায় এই দ্বিশতবার্ষিকী উদ্যাপন করা হয়। প্রত্যেক শ্রমিককে ফিনিক্স ক্যাপসুলের একটি করে রিপ্লিকাও দেওয়া হয়। ৬৯ দিন খনির ভেতর আটকে থাকার পর ১৩ অক্টোবর ফিনিক্স ক্যাপসুলের মাধ্যমে শ্রমিকদের একে একে উদ্ধার করা হয়। পিনেরা চিলির ৩২ জন শ্রমিককে দেশের জাতীয় পতাকা উপহার দেন। একই সঙ্গে বলিভিয়ার একমাত্র খনিশ্রমিককে দেন তাঁর দেশের জাতীয় পতাকা। এএফপি।