চিলিতে গরম খাবার দেওয়া হলো আটকে পড়া শ্রমিকদের
চিলিতে সান হোসে এলাকার সোনা ও তামার খনির ভেতরে আটকে পড়া খনিশ্রমিকদের ২৬ দিনের মধ্যে গত বুধবার প্রথম গরম খাবার দেওয়া হয়েছে। তাঁদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রকৌশলীরা। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূপৃষ্ঠের দুই হাজার ৩০০ ফুট নিচে আটকে পড়া ৩৩ শ্রমিকের কাছে নলের সাহায্যে মিটবল (মাংসের বড়া), মুরগির মাংস ও ভাত পাঠানো হয়েছে। এর আগে শ্রমিকদের গ্লুকোজ বড়ি ও উচ্চ-প্রোটিনসমৃদ্ধ দুধ সরবরাহ করা হয়েছিল।খনিশ্রমিকদের সুস্থ রাখার ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) একটি দল খনি এলাকায় পৌঁছেছে। একজন পুষ্টিবিদ আটকে পড়া শ্রমিকদের খাবার সম্পর্কে পরামর্শ দিচ্ছেন।খনিশ্রমিকদের সুস্থ রাখতে উদ্ধার-কর্মীদের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে নাসার দল। কঠিন পরিস্থিতিতে খনিশ্রমিকেরা যে সাহস দেখাচ্ছেন, এর প্রশংসা করেছে তারা। গত বুধবার এক সংবাদ সম্মেলনে নাসা দলের প্রধান ড. মাইকেল ডানকান মদ ও ধূমপান না করার জন্য শ্রমিকদের পরামর্শ দেন। তিনি বলেন, খনিশ্রমিকদের ক্যালরি গ্রহণ, ঘুমের সময়সূচি ঠিক রাখা ও তাঁদের মধ্যে আশাবাদ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করতে হবে।পুষ্টিবিদ অ্যামেলিয়া পোনশে বলেন, খনিশ্রমিকেরা কতটা ওজন হারিয়েছেন তা বোঝার চেষ্টা করছেন তিনি। আটকে পড়া খনিশ্রমিকদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রকৌশলীরা। উদ্ধারকাজে তিন থেকে চার মাস সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি, এএফপি।