চিলিতে ভয়াবহ দাবানল, জাতীয় পার্ক বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রিস্টিন পাতাগনিয়ার বিস্তীর্ণ এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণকর্মীরা গতকাল শনিবার থেকে প্রাণপণ চেষ্টা শুরু করেছেন। এরমধ্যে হাজার হাজার একর জায়গাজুড়ে এ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেশটির জাতীয় পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে।দাবানল প্রবল বাতাসে ছড়িয়ে সান্টিয়াগো থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে তোরেস দেল পেইন জাতীয় পার্ক এলাকা স্পর্শ করেছে। চিলির দক্ষিণাঞ্চলে অবস্থিত পর্বত, হিমবাহ, প্রাকৃতিক বন ও লেকসমৃদ্ধ দুই হাজার ৪০০ বর্গকিলোমিটার (৯২৭ বর্গমাইল) আয়তনের জনপ্রিয় এ পার্কটিতে প্রতিবছর এক লাখেরও বেশি পর্যটক ভিড় জমান।ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে জরুরি বিভাগের কর্মকর্তাদের জোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যে প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা পুরো জানুয়ারি মাস এই পার্ক বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন।আগুনের লেলিহান শিখায় এরই মধ্যে পার্কের প্রায় ৪ শতাংশ এলাকার ১১ হাজার হেক্টর (২৭ হাজার ২০০ একর) বনভূমি ও ঝোপঝাড় ভস্মীভূত হয়েছে। প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে সৃষ্ট এ দাবানল নিয়ন্ত্রণে সরকার চারটি বিমান, একটি হেলিকপ্টার, ৩০০ অগ্নিনির্বাপণকর্মী, সেনাসদস্য ও বনরক্ষীকে নিয়োজিত করেছে।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ওএনইএমআই) প্রধান ভিসেন্ট নুনেজ বলেন, ‘প্রচণ্ড বাতাস ও শুকনো গাছপালার কারণে আমরা এক জটিল পরিস্থিতি আর অসহনীয় দৃশ্যের মুখোমুখি হচ্ছি।’ তবে আজ ১০ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আশা করা হচ্ছে। এটি হলে দাবানল আয়ত্তে আনার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হতে পারে। এএফপি।