চিলিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ সুনামির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির উত্তরাঞ্চলে গত মঙ্গলবার রাতে ৮ দশমিক ২ তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন দেশে সুনামির আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে নয়টার (গ্রিনিচ মান সময় রাত পৌনে ১১টা) দিকে চিলির খনিসমৃদ্ধ অঞ্চল ইকুইক থেকে ৫২ মাইল উত্তর-পশ্চিমে শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে কিছু এলাকায় ৬ ফুট উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়ে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অগ্নিকাণ্ড ও ভূমিধসের ঘটনা ঘটে।

চিলির সরকার জানায়, ভূমিকম্প-কবলিত আরিকা, পারিনাকোটা ও টারাপাকা অঞ্চলে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করা হয়েছে। ‘লুটপাট ও বিশৃঙ্খলা এড়াতে’ এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট মিশেল ব্যাসিলেট বলেন, দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে শান্ত থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

চিলির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা ভিডিওচিত্রে দেখা যায়, দুর্গত এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে। এতে করে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দেয়ালচাপায় ও হূদেরাগে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেশী দেশ পেরু ও বলিভিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশ দুটিতে বিভিন্ন আধুনিক স্থাপনা ভূমিকম্পের প্রভাবে দুলে ওঠে। এই তিনটি দেশসহ ইকুয়েডর, কলম্বিয়া, পানামাসহ উপকূলীয় বিভিন্ন দেশে সুনামির সতর্কতাও জারি করেছিল প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (টিডব্লিউসি)। পরে চিলি ও পেরু ছাড়া অন্য দেশগুলো সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়।

ইন্দোনেশিয়ায় সুনামির আশঙ্কা: চিলির ভূমিকম্পের প্রভাবে ইন্দোনেশিয়ায় ছোট আকারে সুনামি আঘাত হানতে পারে বলে দেশটির কর্তৃপক্ষ আশঙ্কা করছে। এ কারণে সমুদ্রসৈকত থেকে লোকজনকে দূরে থাকার জন্য বলা হয়েছে। বিবিসি।