অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের বিপর্যস্ত হয়ে পড়েছে লাতিন আমেরিকার দেশ চিলি। গতকাল রোববার পর্যন্ত দেশটিতে তিন শতাধিক মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চিলির সরকার জানিয়েছে, স্থানীয় সময়শনিবার রাত সাড়ে তিনটার দিকে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কর্মকর্তারা জানান, ২০ লাখের বেশি নাগরিক আশ্রয়হীন হয়ে পড়েছে। এদিকে ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সুনামি জাপানের উপকূলে আঘাত হেনেছে। গতকাল দেশটির পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকা থেকে তিন লাখ ২০ হাজার লোক সরিয়ে নেওয়া হয়েছে।চিলির কর্মকর্তারা জানান, দেশটির কনসেপসিওন শহর থেকে ১১৫ কিলোমিটার উত্তর-পূর্বে ও রাজধানী সান্তিয়াগো থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরের ৩৫ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উত্পত্তিস্থল। সরকারি কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।টেলিভিশনের এক ভাষণে চিলির প্রেসিডেন্ট মিশেলে ব্যাশেলেট দেশের ছয়টি অঞ্চলকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশকে দারুণ ক্ষতিগ্রস্ত করেছে। এই দুর্যোগ কাটিয়ে উঠে আবার নিজেদের পায়ে দাঁড়ানোর কঠিন পরীক্ষার মুখে পড়েছি আমরা। সারা দেশে জরুরি সেবাগুলো দ্রুত চালু করার জন্য আমরা সব ধরনের চেষ্টা করছি।’ভূমিকম্পের আঘাতে দেশের অনেক এলাকার অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাট, সেতু ভেঙে গেছে। বিদ্যুত্ ও টেলিফোন লাইনের খুঁটি ভেঙে পড়েছে। দুর্যোগকবলিত এলাকায় বিদ্যুত্, পানি ও টেলিফোন সেবাব্যবস্থা বিপর্যস্ত রয়েছে। সান্তিয়াগোর রাস্তায় অনেক গাড়ি উল্টে পড়েছিল। ভূমিকম্পের আঘাতে সান্তিয়াগোর বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ ৭২ ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ করে দেয়। ফ্লাইটগুলোকে আর্জেন্টিনার মেনদোজাতে অবতরণ করতে বলা হয়েছে। তবে চিলিতে মৃতের সংখ্যা জানুয়ারিতে হাইতিতে ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যার চেয়ে তুলনামূলক কম। ভূমিকম্প আঘাত হানার পরপরই অবশ্য উদ্ধার তত্পরতা শুরু করে কর্তৃপক্ষ।সান্তিয়াগোর বাসিন্দা গৃহবধূ দোলোরেস কুয়েভাস বলেন, ‘ঢেউয়ের আকারে ভূমিকম্প আঘাত হেনেছে এবং কম্পনের সময়সীমাও বেশি ছিল। আমরা প্রচণ্ড আতঙ্কে ছিলাম। অনেকটা হলিউডের সিনেমার মতো ছিল ঘটনাটি।’১৯০০ সালের পর পঞ্চম শক্তিশালী ভূমিকম্প এটি। এর আঘাতে বিশ্বের শীর্ষস্থানীয় তামা উত্পাদনকারী এবং লাতিন আমেরিকার অন্যতম উন্নত ও স্থিতিশীল অর্থনীতির দেশটি বিপর্যস্ত হয়ে পেড়েছে। সরকার জানিয়েছে, প্রায় পাঁচ লাখ বাড়িঘর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের পরপর ৬০টির বেশি কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬ দশমিক ৯ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে।ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছে অবস্থিত কনসেপসিওন শহরে একটি অ্যাপার্টমেন্ট ব্লক ধসে পড়ে। সেখানে ২০০ মানুষ ছিল। কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি ঠিক কতজন বের হয়ে আসতে পেরেছিল। এ ছাড়া ১২টি ভবনে আগুন ধরে যায়। শহরের বিদ্যুত্, পানি ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন, সেখানকার একটি গ্রাম পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চিলির বেশ কয়েকটি খনি বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্যোগকবলিত এলাকাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল পর্যন্ত বন্ধ ছিল।ভূমিকম্পে চিলান শহরে একটি কারাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখান থেকে ২০০ কয়েদি পালিয়ে গেছে। অবশ্য ৬০ জন আবার ধরাও পড়েছে। এ ছাড়া শুধু মাউলে অঞ্চলেই ভূমিকম্পের পরপর কমপক্ষে ৮৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।এদিকে ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরে সুনামি হয়েছে। চিলির বন্দরনগর তালকাহুয়ানো সুনামিতে প্লাবিত হয়। ঢেউয়ের আঘাতে শহরের বন্দর এলাকা ও বন্দরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দক্ষিণ চিলির অন্যতম গুরুত্বপূর্ণ এই বন্দরনগরের রাস্তাঘাটেও পানি ওঠে।প্রেসিডেন্ট ব্যাশেলেট জানান, হুয়ান ফার্নান্দেজ দ্বীপে বড় জলোচ্ছ্বাস আঘাত হেনেছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত ও ১৩ জন নিখোঁজ হয়। ভূমিকম্পের ১৫ ঘণ্টা পর হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ দ্বীপে সুনামি আঘাত হানে। অবশ্য এর আগেই দ্বীপের উপকূল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।চিলি এখনো আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন না জানালেও, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সহযোগিতা করার কথা জানিয়েছে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, চিলির সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। চিলিতে ১৯৬০ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ওই বছর সাড়ে নয় মাত্রার একটি ভূমিকম্প দেশটিকে প্রকম্পিত করেছিল। এতে এক হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়।চিলির ভূমিকম্পের পর গতকাল জাপান, রাশিয়া ও নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাঁচ ফুট উঁচু সুনামি হয়েছে। গতকাল সুনামির আশঙ্কায় জাপান, ফিলিপাইন, নিউজিল্যান্ড ও রাশিয়া কর্তৃপক্ষ উপকূল থেকে লোকজন সরিয়ে নেয়।গতকাল দুপুর পর্যন্ত হাওয়াইভিত্তিক প্যাসিফিক সুনামি সেন্টার জাপান ও রাশিয়া ছাড়া অন্যান্য এলাকার ওপর থেকে সুনামি সতর্কতা তুলে নেয়। ফিলিপাইনের কর্মকর্তারা জানান, ১৯টি প্রদেশ থেকে সরে যাওয়া লোকজনকে আবার নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পূর্ব উপকূল থেকে তিন লাখ ২০ হাজার মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল চার ফুট উঁচু জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকায় আঘাত হানে। উত্তরাঞ্চলীয় শহর নেমুরোর বন্দর এলাকা প্লাবিত হয়। টেলিভিশনের ভাষণে জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোইয়ামা দেশবাসীকে উপকূলীয় এলাকা থেকে সরে আসার আহ্বান জানান।রাশিয়ার কর্মকর্তারা সুনামি সতর্কতা জারির কয়েক ঘণ্টা পর তা তুলে নেন। চিলির উপকূল থেকে বেশ দূরে রবিনসন ক্রুসো দ্বীপপুঞ্জে সুনামির আঘাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রশান্ত মহাসাগরে ফেঞ্চ পলিনেশিয়া ও তাহিতিতেও সুনামি সতর্কতা জারি করা হয়। এপি, এএফপি, বিবিসি।