চিলির খনিশ্রমিকদের উদ্ধারে সুড়ঙ্গ খনন শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলিতে দুর্ঘটনাকবলিত খনিকূপে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারচেষ্টায় কাল সোমবার থেকে খনিতে বিকল্প সুড়ঙ্গ পথ খননের কাজ শুরু হচ্ছে। এদিকে খনিতে আটকে পড়া শ্রমিকেরা ক্রমশ হতাশ হয়ে পড়ছেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। প্রকৌশলীরা জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে চার মাসের মতো সময় লাগতে পারে। সোমবার একটি বিকল্প সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হবে। স্পেন ও অস্ট্রেলিয়া থেকে মাটি ছিদ্র করার হাইড্রোলিক যন্ত্রসহ অন্যান্য ভারী যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী জেইমি ম্যানালিঞ্চ বলেন, ভূপৃষ্ঠের ৭০০ মিটার বা দুই হাজার ৩০০ ফুট গভীরে আটকে পড়া ৩৩ খনিশ্রমিকের মধ্যে পাঁচজন খাদ্যগ্রহণ ও তাঁদের ভিডিও ফুটেজ সংগ্রহের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, মনোবিজ্ঞানীরা ভূপৃষ্ঠের উপরি ভাগ থেকে ইন্টারকমের মাধ্যমে শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেবেন।৫ আগস্ট চিলির রাজধানী সান্তিয়াগোর প্রায় ৭২৫ কিলোমিটার উত্তরে কোপিয়াপো শহরের কাছে সান জোসে খনিতে ওই দুর্ঘটনা ঘটে। ২৫ দিন আগে দুর্ঘটনা ঘটলেও খনিশ্রমিকদের পাঠানো ৪৫ মিনিটের একটি ভিডিও ফুটেজ প্রকাশের পর ২২ আগস্ট খবরটি প্রথম জানাজানি হয়। উদ্ধারকারীদের পাঠানো ভিডিও ক্যামেরা দিয়ে ধারণ করা ফুটেজে তাঁদের বিজয় চিহ্ন প্রদর্শন ও জাতীয় সংগীত গাইতে দেখা যায়। তাঁরা ‘চিলি দীর্ঘজীবী হও’, ‘খনিশ্রমিকেরা দীর্ঘজীবী হও’ স্লোগান দেয়।এই কঠিন বিপর্যয়ের মধ্যেও শ্রমিকেরা মনোবল চাঙা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁদের অবস্থান জানিয়ে ভিডিও ফুটেজ পাঠাচ্ছেন। চিলির টেলিভিশনে গত বৃহস্পতিবার তা প্রচারও হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জেইমি ম্যানালিঞ্চ বলেন, তা সত্ত্বেও ওই পাঁচ শ্রমিক ভিডিও ফুটেজেও থাকছেন না এবং তাঁরা ঠিকমতো খাচ্ছেন না। তাঁরা হতাশ হয়ে পড়েছেন। আটকে পড়া শ্রমিকদের আত্মীয়স্বজন খনির আশপাশে অবস্থান নিয়েছেন। কোপিয়াপোতে বিবিসির সাংবাদিক জেমস রেনল্ডস বলেন, আত্মীয়রা শ্রমিকদের মনোবল চাঙা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা অবশ্য এ প্রশ্নও করছেন, ২০০৮ সালে ওই খনিতে এক দুর্ঘটনার পরের বছরই তা আবার কেন খুলে দেওয়া হয়েছে। বিবিবি/টাইমস অব ইন্ডিয়া।