চিলির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পিনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পবিধ্বস্ত চিলির নতুন প্রেসিডেন্ট হিসেবে গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন সেবাস্তিয়ান পিনেরা। শপথ নেওয়ার পর অন্যান্য প্রেসিডেন্টের মতো সংবর্ধনা অনুষ্ঠানে যোগ না দিয়ে পিনেরা ভূমিকম্পবিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনে যান।লাল জ্যাকেট পরিহিত পিনেরা এ সময় বলেন, ‘আমি মনে করেছি, আমার দায়িত্ব হচ্ছে দুর্গত এলাকায় আসা।’ গত ২৭ ফেব্রুয়ারি চিলিতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় এক হাজার লোক মারা গেছে। দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।বন্দরনগর ভালপারাইসোতে কংগ্রেসে বৃহস্পতিবার শপথ নেন পিনেরা। তাঁর শপথ অনুষ্ঠানের কিছু সময় আগে চিলির মধ্যাঞ্চলে আবার ভূমিকম্প হয়।এ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশ বৃদ্ধি করা এবং এক লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির যে নির্বাচনী অঙ্গীকার পিনেরা করেছিলেন, বৃহস্পতিবার ভূমিকম্প-পরবর্তী ভূমিকম্পের ফলে তা হুমকির মুখে পড়েছে। ৮ দশমিক ৮ মাত্রার তীব্র ভূমিকম্পে দেশতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে সুনামির সতর্কতা জারি করা হয়।এদিকে সরকারের জরুরি সেবাবিষয়ক কার্যালয় ওলেমির পুনর্গঠন তত্পরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য নতুন প্রেসিডেন্ট তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি ও সুনামি মোকাবিলায় ব্যর্থতার জন্য ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি নানা সমালোচনার মুখে পড়েছে।পিনেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে লেখাপড়া করেছেন। চিলির অধিবাসীরা আশা করছে, লাতিন আমেরিকার স্থিতিশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম চিলিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে তুলেআনতে তাঁর ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগাবেন। পিনেরা এ মাসে ৪০ লাখ দরিদ্র পরিবারকে ৪০ হাজার পেসো (৭৭ ডলার) করে সহায়তা দেওয়ার এক কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি।৬০ বছর বয়সী সাবেক সিনেটর পিনেরা ক্রেডিট কার্ড ও এলারলাইনসের ব্যবসা করে তাঁর ভাগ্যের পরিবর্তন ঘটান। ২২০ কোটি ডলার সম্পদ নিয়ে ফোর্বস পরিচালিত বিশ্বের ধনীদের তালিকায় তাঁর অবস্থান ছিল ৪৩৭তম। বর্তমানে দক্ষিণ আমেরিকার বেশির ভাগ প্রেসিডেন্টই বামপন্থী বা মধ্য-বামপন্থী। দুই দশক ধরে চিলিতে মধ্য-বামপন্থীদের শাসনামল শেষে পিনেরাই হচ্ছেন প্রথম রক্ষণশীল নেতা।