চিলির বিপর্যস্ত এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন সেনারা
লাতিন আমেরিকার দেশ চিলিতে ভূমিকম্পে বিপর্যস্ত এলাকাগুলোয় ত্রাণ না পেয়ে ক্ষুব্ধ জনতা স্থানীয় দোকানপাট লুট করছে এবং আগুন ধরিয়ে দিচ্ছে। সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন সেনাসদস্যরা। গত সোমবার পর্যন্ত ৭২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদিকে ভূমিকম্প-দুর্গতদের জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে চিলির সরকার।স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কনসেপসিওন শহরে নিরাপত্তা নিশ্চিত করতে রোববার রাতে সান্ধ্য আইনের মেয়াদ বাড়ানো হয়। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্যরাও কাজ করছেন। লুটপাট চালানোর সময় সোমবার পর্যন্ত ১৬০ জনকে গ্রেপ্তার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।চিলির উপস্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও রোসেনদে বলেন, লুটপাট ও রাহাজানি ঠেকাতে নিরাপত্তা বাহিনী অভিযান চালানোর সময় এক ব্যক্তি নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত অন্যান্য শহরেও সহিংসতার খবর পাওয়া গেছে। কনসেপসিওনের বাসিন্দারা জানিয়েছেন, লুটেরাদের ঠেকাতে তাঁরা নিজেরাই সংঘবদ্ধ হচ্ছেন। কনসেপসিওনের শিক্ষক ক্যারোলিন কনত্রেরাস সোমবার বলেন, সরকারি ত্রাণ বেশ ধীরগতিতে আসছে। সেনারা এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।মধ্যাঞ্চলীয় শহর ট্যালকার বাসিন্দারাও সরকারের প্রতি ক্ষোভ জানিয়েছে। শহরের প্রধান হাসপাতালটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬৮ বছর বয়সী দামিয়ান ভেরা ভারগারা বলেন, ‘সরকারের কাছ থেকে আমরা এখনো সাহায্য পাইনি।’ এ ছাড়া উপকূলীয় গ্রাম ও শহরাঞ্চলেও লুটপাটের খবর পাওয়া গেছে।সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, রাজধানী সান্তিয়াগো থেকে কনসেপসিওনে ত্রাণ সরবরাহের জন্য বিমানবাহিনী কাজ করছে। লুটপাট ও নৈরাজ্য সৃষ্টির নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মিশেলে ব্যাশেলেট কনসেপসিওনে সাত হাজার সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। সরকারি কর্মকর্তারা অবশ্য স্বীকার করেছেন, বিপর্যস্ত যোগাযোগব্যবস্থার কারণে ধীরগতিতে ত্রাণ সরবরাহ করা হচ্ছে।আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে চিলির সরকার। সরকারি কর্মকর্তারা জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ১২০ টন খাদ্যসামগ্রীসহ মোট ৩০০ টন ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, চিলির সরকার ফিল্ড হসপিটাল, অস্থায়ী সেতু, যোগাযোগের যন্ত্রপাতি ও ক্ষয়ক্ষতি নিরূপণকর্মীদের পাঠানোর আহ্বান জানিয়েছে।এদিকে চিলিতে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানো শুরু হয়েছে। প্রতিবেশী আর্জেন্টিনা একটি ফিল্ড হসপিটাল পাঠিয়েছে এবং পাঁচ লাখ টন বিশুদ্ধ পানি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা গত সোমবার সান্তিয়াগো সফর করেন এবং তাঁর দেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া অস্ট্রেলিয়া সোমবার ৪৫ লাখ ডলারের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা ৪০ লাখ ডলারের সহায়তা দেবে। এর আগে জাপান, চীন, যুক্তরাষ্ট্রও সহায়তার প্রতিশ্রুতি ঘোষণা করে।গত শনিবার চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে রাজধানী সান্তিয়াগোসহ দেশটির বেশ কয়েকটি শহর ও বন্দর ক্ষতিগ্রস্ত হয়। অর্ধশতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে দেশটির অর্থনীতিও বড় ধাক্কা খায়। বিবিসি, রয়টার্স, এএফপি।