চিলির সেই শ্রমিকেরা ভালো নেই...
চিলির একটি সোনা ও তামার খনিতে ৬৯ দিন আটকে থাকার পর উদ্ধার পাওয়া ৩৩ শ্রমিক তাঁদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন। তাঁদের অনেকে চাকরি পরিবর্তন করে ফলমূল বিক্রি বা ফেরিওয়ালার কাজ করার চিন্তা করছেন। আবার কেউ বিকল্প কিছু চিন্তা না করে খনিশ্রমিকের কাজেই ফিরে যাওয়ার কথা ভাবছেন। এদিকে খনিতে আটকে পড়ার সুবাদে সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া এই শ্রমিকেরা স্থানীয় এল মারকুরিও পত্রিকাকে জানান, উদ্ধার পাওয়ার পর তাঁদের জন্য যে বিশেষ ভাতা (ডিজ অ্যাবিলিটি পে) বরাদ্দ ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা পত্রিকাটিকে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান। দারিও সেগোভিয়া নামের একজন খনিশ্রমিক বলেন, তিনি বাজারে ফল বিক্রির কথা ভাবছেন। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ কর্তৃপক্ষ আমার অসুস্থতা ছুটি বাতিল করেছে। ভাবছি, কালোজাম ও আঙ্গুর বিক্রি শুরু করব।’অপরদিকে ওমর রেগাদাস ও মারিও সেপুলভেদা চিলির বাইরে গিয়ে ফেরিওয়ালার কাজের পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তাঁরা মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে প্রস্তাব পেয়েছেন বলে জানান। গত ৫ আগস্ট চিলির রাজধানী সান্তিয়াগোর প্রায় ৭২৫ কিলোমিটার উত্তরে কোপিয়াপো শহরের কাছে সান হোসে খনিতে এক দুর্ঘটনায় খনির প্রধান কূপে তাঁরা আটকা পড়েন। খনির ৬২২ মিটার গভীরে ৬৯ দিন আটকে থাকার পর গত ১৩ অক্টোবর তাঁরা মুক্ত পৃথিবীতে আসেন। এএফপি।