চীন, উত্তর কোরিয়া ও ইরানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে: যুক্তরাষ্ট্র
চীন, উত্তর কোরিয়া ও ইরানে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে গত বৃহস্পতিবার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি করা বার্ষিক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে।চীন গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে পাল্টা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার মানবাধিকার অবস্থা ‘শোচনীয়’ বলে উল্লেখ করে। তাদের অভিযোগ, উত্তর কোরিয়ায় বেসরকারি সংগঠনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের ওপর নির্যাতন ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণের ঘটনা বেড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সাংবাদিকদের জানান, প্রতিবেদনটি তিনি দেখেছেন। তিনি বলেন, মার্কিন সরকারের প্রণীত বাস্তব ও কার্যকর মানবাধিকার কৌশলউন্নয়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে এই প্রতিবেদনকে দেখছেন তিনি।চীন সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ জিনজিয়াংয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। পশ্চিমাঞ্চলের ওই এলাকায় গত বছর চীনের সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায় স্থানীয় উইঘুর মুসলমানদের সঙ্গে মারাত্মক সংঘর্ষে লিপ্ত হয়।তিব্বতিদের ওপর চীনের নিয়ন্ত্রণ কঠোর হয়েছে। জনস্বার্থে কোনো আইনজীবী ও আইনি সংস্থা তাদের মামলায় লড়লে সরকারের হয়রানির শিকার হয় তারা। এএফপি।