দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার
চীন আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে: মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, চীন এশিয়ায় আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর দেশটির এই চেষ্টার ব্যাপারে ভারতের সতর্ক হওয়ার সময় এসেছে। তিনি নিজ দেশের দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন।টাইমস অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমাদের উপলব্ধি করতে হবে যে চীন দক্ষিণ এশিয়ায় একটি জায়গা করে নিতে চাইছে। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।’ তিনি বলেন, ‘দেশটি কোন পথে এগোবে, তা বোঝা খুব কঠিন। তাই গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের প্রস্তুত থাকতে হবে।’পত্রিকাটি জানায়, প্রধানমন্ত্রী বলেন, দেশটি এ কাজে ন্যূনতম ভারসাম্য বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে বিরোধপূর্ণ কাশ্মীরকে ব্যবহার করতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, পত্রিকাটিতে প্রকাশিত উদ্ধৃতিগুলো সত্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি। বিশ্লেষকেরা বলছেন, অতীতের কোনো কূটনৈতিক বিরোধ নিয়ে বাড়াবাড়ি না করলে দেশ দুটির বর্তমান বিরোধ ততটা সমস্যা হয়ে দেখা দেবে না। বর্তমানে ভারতের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার হলো চীন।বেইজিংয়ে ভারত-চীন সম্পর্ক বিশেষজ্ঞ ঝাও গানচেং বলেন, ‘বাস্তবতা হলো, দীর্ঘকাল ধরে দেশ দুটির মধ্যে সমস্যা আছে। কিন্তু নিজেদের বৃহত্তর স্বার্থে এসব সমস্যা পাত্তা দেওয়া উচিত নয়।’সেন্টার ফর ইস্ট এশিয়ান স্টাডিজের চেয়ারম্যান শ্রীকান্ত কন্দোপালি বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করছেন, ভারতের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করার মতো পরিস্থিতি তৈরি করেছে চীন।’দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নয়াদিল্লিতে সম্পাদকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ ক্ষেত্রে আমার একটি আইনি বাধ্যবাধকতা রয়েছে এবং আমি এটা করব।’মনমোহন বলেন, ‘একটি ধারণা আছে, ভারতের সবচেয়ে সৎ প্রধানমন্ত্রী সবচেয়ে দুর্নীতিবাজ সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তাই কোনো দুর্নীতিবাজ মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে ব্যবস্থা নিতে পারলে তা সবার জন্য মঙ্গলজনক হবে।’ প্রধানমন্ত্রী বলেন, নভেম্বরে শীতকালীন অধিবেশন শুরুর আগে মন্ত্রিপরিষদে রদবদল করে অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্বে আনা হবে। রয়টার্স, এএফপি।