চীন এগিয়ে, পিছিয়ে যুক্তরাষ্ট্র-ব্রিটেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছরের মধ্যে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো শুরু করতে পারে চীন। যুক্তরাজ্যের খ্যাতনামা লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে আরেক জরিপে দেখা গেছে, বিশ্বের অন্যতম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ ক্ষেত্রে মোটেও সচেষ্ট নয়। খবর বিবিসি ও ইনডিপেনডেন্টের।
২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাস করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করে চীন। গত বছরের নভেম্বর মাসে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এখন দেখা যাচ্ছে, প্রতিশ্রুত সেই সময়ের পাঁচ বছর আগেই বিশ্বের সবচেয়ে বড় কার্বন নিঃসরণকারী দেশ চীন সেই প্রতিশ্রুতি পালনের পথে রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির প্রতি জোর দেওয়ার কারণেই এ ধরনের বড় অর্জন সম্ভব হচ্ছে। বায়ু এবং সৌরবিদ্যুতের ক্ষেত্রে চীন এখন বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী। নবায়নযোগ্য জ্বালানিতে বিপুল বিনিয়োগের পাশাপাশি চীন তাদের পুরোনো কয়লানির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো সংস্কার করেছে। ফলে কমছে কার্বন নিঃসরণের হার।
বায়ুদূষণ রোধ করতেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো সংস্কার করেছে চীন। তবে এর পাশাপাশি চীনের সরকার বৈশ্বিক উষ্ণায়নে নিজেদের ভূমিকার বিষয়েও সচেতন হয়েছে। এলএসইর প্রতিবেদনে বলা হচ্ছে, ‘প্যারিসে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনটি সফল হবে যদি বিশ্বের সব দেশের সরকার চীনের ভূমিকার বিষয়টি জানতে পারে এবং কার্বন নিঃসরণ কমাতে তার ভূমিকা সম্পর্কে সচেতন হয়।’
প্রতিবেদনে বলা হচ্ছে, চীনের এই ভূমিকার কারণে কম দূষণের জ্বালানির যন্ত্রাংশের বৈশ্বিক বাজার রমরমা হয়ে উঠতে পারে। পাশাপাশি কয়লা বা অন্যান্য জীবাশ্ম জ্বালানির রপ্তানিকারকেরা ক্ষতির মুখে পড়তে পারে।
এলএসইর দুই গবেষক ফারগুস গ্রিন এবং লর্ড নিকোলাস বলেন, ‘কার্বন নিঃসরণ কমাতে চীনের বর্তমান অগ্রগতিকে এভাবে দেখা যেতে পারে—একটি সরকার কম প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ করে বেশি।’
প্রতিবেদনে আরও বলা হয়, কার্বন নিঃসরণকারী জ্বালানি থেকে চীনের এই ফিরে আসাটা বৈশ্বিক অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলবে। এটি বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকাও রাখবে।
তবে চীনের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র কিন্তু উল্টো পথে চলছে। ব্রিটিশ জরিপকারী প্রতিষ্ঠান ইউগভের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশির ভাগ লোক জলবায়ু সম্মেলনে বড় কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেন।
জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ১৭ শতাংশ লোক জলবায়ু সম্মেলনে কোনো চুক্তি চান না। যুক্তরাজ্যে এই ধারণা পোষণ করেন ৭ শতাংশ। তবে চীন ও ইন্দোনেশিয়ার মাত্র ১ শতাংশ লোক এমন নেতিবাচক ধারণা পোষণ করেন। অন্যদিকে, চীনের ৬০ শতাংশ লোক চান তাঁদের দেশ জলবায়ু সম্মেলনে নেতৃত্বের আসনে থাকুক। জলবায়ুর পরিবর্তন রোধে যত দ্রুত সম্ভব একটি ব্যবস্থা নেওয়া হোক—এমনটাই চান দেশটির বিপুলসংখ্যক লোক। গত ২২ থেকে ২৭ মে এ জরিপ চালানো হয়।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের লোকজনের এই অনীহার মূল কারণ সম্ভবত জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে ধারণার অভাব। কারণ, এ দুটি দেশের ৩২ শতাংশ লোক মনে করেন, জলবায়ু পরিবর্তনের ফলে আদৌ কোনো সমস্যা হবে না বা হলেও কম হবে।