চীন ও ভারতের আবার যৌথ সামরিক মহড়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পর চীন ও ভারতের যৌথ সামরিক মহড়া আবার শুরু হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে সফররত চীনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াং গুংলির সঙ্গে বৈঠক শেষে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি এই ঘোষণা দেন।এর আগে প্রতিবেশী রাষ্ট্র দুটির নিয়মিত যৌথ সামরিক মহড়া হতো। কিন্তু ভিসা ইস্যুসহ বেশ কিছু কূটনৈতিক জটিলতার কারণে ২০০৮ সালে এই কর্মসূচি বন্ধ হয়ে যায়। লিয়াং গুয়াংলির সঙ্গে বৈঠক শেষে অ্যান্টনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সামরিক মহড়া শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘দক্ষিণ এশিয়া ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সব বিষয়ে আমরা খোলাখুলি ও আন্তরিকতার সঙ্গে আলোচনা করেছি।’লিয়াং গুয়াংলি বলেন, ‘বৈঠকে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের দ্বিপক্ষীয় সফর, সেনা বিনিময়, জলসীমার নিরাপত্তা...এবং প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।’সীমানা নিয়ে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে ১৯৬২ সাল থেকে এ পর্যন্ত ১৪ দফা বৈঠক হয়েছে। কিন্তু প্রতিটি বৈঠকই হয়েছে নিষ্ফল। ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। এ ছাড়া ভারতের পার্বত্য নগরী ধরমশালায় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার অবস্থানও রাষ্ট্র দুটির মধ্যে শীতল সম্পর্কের একটি কারণ।চীন সীমান্তবর্তী এলাকায় সামরিক অবকাঠামো তৈরি করায় উদ্বিগ্ন ভারত। নয়াদিল্লি বেইজিংয়ের এই পদক্ষেপকে তাদের চির শত্রু পাকিস্তানের চেয়ে দূর ভবিষ্যতের জন্য হুমকি মনে করছে।শ্রীলংকা ও বাংলাদেশের মতো দেশগুলোতে চীনের ভূমিকা সক্রিয় হওয়ার আশঙ্কার মধ্যেই লিয়াং গুয়াংলি চার দিনের সফরে ভারতে এলেন। গত আট বছরের মধ্যে কোনো চীনা প্রতিরক্ষামন্ত্রীর এটাই প্রথম ভারত সফর। ভারত মনে করে, শ্রীলংকা ও বাংলাদেশে চীনের সক্রিয়তা নয়াদিল্লির বলয়ে বেইজিংয়ের প্রভাব বিস্তার করারই সামিল। এএফপি।