চীন চায় শাসনে আনতে তাইওয়ান চায় নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন ও তাইওয়ানের মধ্যে গতকাল মঙ্গলবার ঐতিহাসিক সংলাপ শুরু হয়েছে। রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মাধ্যমে ৬৫ বছর আগে চীন থেকে তাইওয়ান বিচ্ছিন্ন হওয়ার পর এটাই তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক।
বিশ্লেষকেরা বলছেন, তাইওয়ান এই সংলাপের মাধ্যমে মূলত অর্থনৈতিক সুবিধা বা নিরাপত্তা বিষয়ে আশ্বাসের মতো বাস্তবসম্মত ফল অর্জনের চেষ্টা করবে। অন্যদিকে চীন তার দীর্ঘদিনের নীতি বাস্তবায়নের দিকেই মনোযোগী হবে। অর্থাৎ, দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের শাসনে আনার চেষ্টা করবে।
তাইপের চীননীতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ওয়াং ইউ-চি গতকাল চীনের নানজিং শহরে প্রতিপক্ষ ঝাং ঝিজুনের সঙ্গে বৈঠক করেন। ওয়াংয়ের চার দিনব্যাপী চীন সফরের প্রথম দিন ছিল গতকাল। যে কক্ষে এই বৈঠক হয়, সেটির সাজসজ্জা দেখেই বৈঠকের সংবেদনশীলতা অনুমান করা গেছে। কক্ষটিতে কোনো পতাকা রাখা হয়নি। বৈঠকে অংশগ্রহণকারীদের নামফলক থাকলেও তাতে ছিল না পদবি।
বৈঠক শেষে ওয়াং বলেন, ‘অনেক বছর ধরে দুই পক্ষের যোগাযোগের ফলে এই বৈঠক সম্ভব হয়েছে।’
১৯৪৯ সালের কমিউনিস্ট বিপ্লবের পর দ্বীপ রাষ্ট্র তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাইওয়ানে পৃথক সরকার প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন পর নব্বইয়ের দশকে দুই পক্ষের মধ্যে সীমিত যোগাযোগ শুরু হয়। এরপর বছরের পর বছর ধরে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার ফল হচ্ছে গতকালের বৈঠক।
তবে বেইজিংয়ের কমিউনিস্ট কর্তৃপক্ষ এখনো তাইওয়ানসহ চীনের সব এলাকাকে তাদের কর্তৃত্বাধীনে আনার আগের লক্ষ্যেই অটল রয়েছে। তারা তাইওয়ানকে বিদ্রোহী এলাকা বিবেচনা করে। তারা এই অঞ্চলকে আবার মূল ভূখণ্ডের সঙ্গে একত্র করতে চায়।
অনেকটা প্রতীকী এবং পারস্পরিক আস্থা অর্জনের এই সংলাপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো এজেন্ডা প্রকাশ করা হয়নি। এএফপি।