চীন-জাপান আবার উত্তেজনা বেইজিংয়ে রাষ্ট্রদূতকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়াউ দ্বীপ নিয়ে চীনের ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণায় বেইজিং ও টোকিওর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ গঠন নিয়ে জাপান অযৌক্তিক উত্তেজনা ছড়াচ্ছে অভিযোগ তুলে চীন গতকাল সোমবার বেইজিংয়ে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে।
এর আগে চীনের ওই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে জাপান ও যুক্তরাষ্ট্র। সেনকাকু বা দিয়াউ দ্বীপ এলাকা বর্তমানে জাপানের নিয়ন্ত্রণে। চীন ওই দ্বীপের মালিকানা দাবি করছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শনিবার ওই দ্বীপ এলাকাসহ আরও কিছু এলাকা নিয়ে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। চীন যুক্তি দেখাচ্ছে, ‘বিমান হামলার হুমকি’ মোকাবিলায় এ সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন গ্যাং গতকাল নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিংয়ে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে। বিমান প্রতিরক্ষা অঞ্চল গঠনের ঘোষণাকে কেন্দ্র করে জাপান যে অকারণে উত্তেজনা ছড়িয়েছে, সে ব্যাপারে জাপানি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।’
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল পার্লামেন্টে বলেন, ‘চীনের এই ঘোষণা উত্তেজনা বাড়বে। আন্তর্জাতিক আকাশসীমায় স্বাধীনভাবে বিমান চলাচলের নীতিতে হস্তক্ষেপ না করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’ এর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিসিদা গত রোববার চীনের বিমান প্রতিরক্ষা অঞ্চল গড়ে তোলাকে একতরফা সিদ্ধান্ত আখ্যা দিয়ে বলেন, এর ফলে ওই অঞ্চলে নজিরবিহীন বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে।
চীনের বিমান প্রতিরক্ষা অঞ্চল গড়ে তোলার সমালোচনা করেছে জাপানের মিত্র বলে পরিচিত যুক্তরাষ্ট্রও। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এক বিবৃতিতে বলেন, বেইজিংয়ের এই ঘোষণা ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। একতরফা সিদ্ধান্তের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। তিনি আরও বলেন, চীনের এই ঘোষণা ওই অঞ্চলে মার্কিন সামরিক অবস্থান বা কার্যক্রমের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না।
চীনের ঘোষণা ‘দুঃখজনক’: চীনের বিমান প্রতিরক্ষা অঞ্চল গড়ার ঘোষণাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়া। চীনের ঘোষিত প্রতিরক্ষা অঞ্চলের মধ্যে দক্ষিণ কোরিয়ার দাবি করা কিছু অঞ্চলও পড়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, ওই অঞ্চলের দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রিত এলাকার মানচিত্রে কোনো পরিবর্তন হবে না। এএফপি ও বিবিসি।