চীন-জাপান উত্তেজনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ ঘোষণার পর পূর্ব চীন সাগরের আকাশে পাল্টাপাল্টি বিমান টহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতিতে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
চীন গত শনিবার পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়াওউ দ্বীপপুঞ্জসহ আরও কিছু এলাকায় নিয়ে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দিলে উত্তেজনা শুরু হয়। চীনের ঘোষণার পর বেইজিংয়ের ‘নিয়ম’ না মেনেই ওই অঞ্চলে টহল দেয় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিমান। গত বৃহস্পতিবার বেইজিংও তার ঘোষিত ‘বিমান প্রতিরক্ষা অঞ্চলে’ বিমান উড়ায়।
এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ক্যাথেরিন অ্যাশটন বলেন, চীনের ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণায় আমরা উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে ইইউ সংশ্লিষ্ট সব পক্ষকে ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে।’
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান র‌্যান্ড করপোরেশনের স্কট হ্যারল্ড বলেন, চীন সম্ভবত পূর্ব চীন সাগরে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ভুল খেলা খেলছে। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা বাড়বে।
সেনকাকু বা দিয়াওউ দ্বীপপুঞ্জ নিয়ে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় চীন। ওই দ্বীপপুঞ্জ বর্তমানে জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। পূর্ব চীন সাগরে সমুদ্রসীমা নিয়ে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের সঙ্গে বিরোধ রয়েছে চীনের। রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নাল।