চীনের প্রেসিডেন্ট হু জিনতাও শান্তিপূর্ণ উপায়ে তাঁর দেশ ও তাইওয়ানকে আবার একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন। চীনে রাজতন্ত্র অবসানের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল রোববার প্রেসিডেন্ট হু এ আহ্বান জানান।বেইজিংয়ের গ্রেট হলে আয়োজিত এ অনুষ্ঠানে হু জিনতাও বলেন, চীন ও তাইওয়ানের মধ্যে বিরোধিতার অবসান ঘটানো উচিত। অতীতের ক্ষত কাটিয়ে রাজতন্ত্রের অবসানে চীনা জাতি যে নতুন জীবন পেয়েছে, তার অভীষ্ট লক্ষ্য অর্জনে একত্রে কাজ করা উচিত। ১৯১১ সালে মূল ভূখণ্ডে জাতীয়তাবাদী বিপ্লবের মধ্য দিয়ে চীনে কিং রাজবংশের পতন ঘটে। এর আড়াই মাস পর প্রতিষ্ঠিত হয় চীনা প্রজাতন্ত্র। পরে চীনের গৃহযুদ্ধের সময় ১৯৪৯ সালে চায়না কমিউনিস্ট পার্টি (সিপিসি) মাও সে তুংয়ের নেতৃত্বে জাতীয়তাবাদী চিয়াং কাইশেকের কুওমিতাং বাহিনীকে পরাজিত করে দেশটির ক্ষমতা দখল করে এবং চীনে সমাজতান্ত্রিক শাসন-ব্যবস্থা কায়েম হয়। চিয়াং কাইশেক তাইওয়ানে (তৎকালীন ফরমোজা দ্বীপ) পালিয়ে গিয়ে সেখানে জাতীয়তাবাদী চীন সরকার গঠন করেন। ২০০৮ সালে বেইজিংয়ের প্রতি সহানুভূতিশীল মা ইয়াং জু তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত ও ক্ষমতা গ্রহণের পর চীন ও তাইওয়ানের মধ্যে সম্পর্কের লক্ষণীয় অগ্রগতি ঘটে। তাইওয়ানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও চীন। তা ছাড়া বর্তমানে তাইওয়ানের ব্যাপক সংখ্যক মানুষ চীনে বসবাস করে। তার পরও চীন সব সময়ই এই দ্বীপরাষ্ট্রটিকে পুরোপুরি নিজের করায়ত্তে নিতে সচেষ্ট। এএফপি।