চীন তার প্রবৃদ্ধি ধরে রাখবে: শি জিনপিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের অর্থনীতি হোঁচট খেতে পারে বলে যে আশঙ্কা দেখা দিয়েছে, তা উড়িয়ে দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও চলচ্চিত্রনির্মাতাদের এই উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শি জিনপিং চীনের ভবিষ্যত্ নেতা বলে ধারণা করা হচ্ছে। পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে গত শুক্রবার শি এ কথা বলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, চীনের ক্রমবর্ধমান দর্শকদের কাছে হলিউডের ছবি উন্মুক্ত করে দিতে রাজি হয়েছে বেইজিং। লস অ্যাঞ্জেলেসে ব্যবসায়ীদের একটি ফোরামে শি বলেন, চীন দেশের ভেতরে চাহিদা বাড়াবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি করে আমদানির পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানো হবে। চীনের এই ভবিষ্যত্ নেতা বলেন, ‘আমাদের অর্থনীতি, সামাজিক উন্নয়ন ও ভোক্তা চাহিদার ভিত্তিতে অন্যান্য দেশ থেকে আমরা আমদানি আরও বাড়িয়ে দেব। যুক্তরাষ্ট্র থেকে সক্রিয়ভাবে আমদানি বাড়িয়ে দেব আমরা।’ শির বক্তব্যের প্রশংসা করে জো বাইডেন বলেন, ‘আমাদের আলোচনার মোদ্দা কথা হচ্ছে, নিয়মকানুন বৈধ হলে এবং তা বাস্তবায়ন করা হলে প্রতিদ্বন্দ্বিতা থেকে সবাই লাভবান হতে পারে।’ চীনা অর্থনীতির সাম্প্রতিক শ্লথগতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিষয়ে অনেক অর্থনীতিবিদ সতর্ক করেছেন। তবে শি বলেন, চীনা অর্থনীতির হোঁচট খাওয়ার সুযোগ নেই। চীন তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখবে। রয়টার্স ও এএফপি।