চীন-নরওয়ের দুজনকে আটকে মুক্তিপণ দাবি আইএসের
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গতকাল বুধবার চীনের একজন ও নরওয়ের একজন নাগরিককে জিম্মি করার কথা জানিয়েছে। এই দুই ব্যক্তির জন্য মুক্তিপণও চেয়েছে তারা। মুক্তিপণের অঙ্ক তারা জানায়নি বলে আজ বৃহস্পতিবার এএফপির খবরে জানানো হয়।
নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ নিশ্চিত করেছেন, দেশটির একজন নাগরিককে আইএস জিম্মি করেছে। তবে নরওয়ে কোনো মুক্তিপণ দেয়নি।
চীন ও নরওয়ের দুজনকে জিম্মি করার ঘোষণা আইএসের ইংরেজি সাময়িকী দাবিকের টুইটারে দেওয়া হয়। এতে কখন, কাদের, কোত্থেকে জিম্মি করা হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত কিছুই বলা হয়নি।
দুজনের ছবি পৃথকভাবে বিজ্ঞাপন আকারে প্রকাশ করে নিচে লেখা হয়েছে, ‘বিক্রির জন্য’। এতে আরও লেখা আছে, এই বন্দীকে তাঁর সরকার পরিত্যাগ করেছে, কারণ সরকার তাঁর মুক্তি কিনতে চায় না। এই বন্দীর মুক্তির জন্য যেকেউ মুক্তিপণ দিতে পারে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য একটি টেলিগ্রাম নম্বর দিয়ে সেখানে লেখা হয়েছে, ‘সময় সীমিত’। তবে কী পরিমাণ মুক্তিপণ দিতে হবে বা মুক্তিপণ দেওয়ার সময় কখন শেষ হবে, এ বিষয়ে এখানে সুস্পষ্ট করে কিছুই বলা হয়নি।
চীনের জিম্মি হওয়া নাগরিকের নাম বলা হচ্ছে ফ্যান জিনঘুয়ি (৫০), তিনি পেশায় পরামর্শক। এক সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ বলেন, তাঁর দেশের জিম্মি হওয়া নাগরিকের নাম ওলে-জোহান গ্রিমসগার্ড-অফস্টেড (৪৮)। তিনি নরওয়ের একটি বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। গত জানুয়ারিতে সিরিয়া যাওয়ার পরপরই তিনি অপহৃত হন বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত করছি, নরওয়ের একজন নাগরিককে অপহরণ করা হয়েছে এবং তিনি সিরিয়ায় বন্দী আছেন। এটি একটি গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়। এখন আমাদের কাজ হচ্ছে ওই নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা।’