চীন নেহরুকে ‘অভদ্র’ ভাবত ভারতকে ‘তলাবিহীন পাত্র’
ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চালু করেছিলেন এই স্লোগান—‘ভারতীয়-চীনা ভাই ভাই’। তবে চীন তাঁকে অভিহিত করেছিল ‘অভদ্র’ আর ভারতকে বিদেশি সাহায্যের ‘তলাবিহীন পাত্র’ হিসেবে।ভারতীয় সাংবাদিক কল্যাণী শংকর তাঁর নিক্সন, ইন্দিরা অ্যান্ড ইন্ডিয়া: পলিটিক্স অ্যান্ড বিয়নড বইতে এসব কথা লিখেছেন। বিভিন্ন সময় প্রকাশিত রিচার্ড নিক্সনের আমলের গোপন নথিপত্রের সংকলন এই বই। এতে উঠে এসেছে, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্পর্ক স্থাপন, ভারতের পরমাণু পরীক্ষা এবং ভারতের রাজনৈতিক ব্যবস্থা ও এর ভবিষ্যত্ নিয়ে সেই সময়ে যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তানের চিন্তা-ভাবনার একটি চিত্র।বইতে উল্লেখ করা হয়, নেহরুর লেখা ডিসকভারি অব ইন্ডিয়া বইতে মালয়েশিয়া ও শ্রীলঙ্কাকে নিয়ে বৃহত্ ভারতীয় সাম্রাজ্য গঠনে নেহরুর ধ্যান-ধারণাই প্রকাশিত হয়েছে বলে মনে করত চীন। ‘এই একই চিন্তা-চেতনা বাবা নেহরুর কাছ থেকে পেয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।’ চীনের সাবেক প্রধানমন্ত্রী চৌ এন লাই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে এ কথাই বলেছিলেন। নিক্সন ইন্দিরা গান্ধীকে বলতেন ‘ডাইনি’। আর তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার ভারতীয়দের বলতেন ‘জারজ’।১৯৭২ সালের ২৩ ফেব্রুয়ারি চীনে ঐতিহাসিক সফরের সময় প্রেসিডেন্ট নিক্সন অভিযোগ তুলেছিলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া সাহায্যের অর্থে ভারত রাশিয়া থেকে অস্ত্র কিনছে। নিক্সন জানিয়েছিলেন, তিনি পাকিস্তানকে পর্যাপ্ত সাহায্য দেবেন, যাতে তারা অন্য দেশ থেকে অস্ত্র কিনতে পারে।নিক্সন বলেছিলেন, ‘ভারত বিষয়ে আমাদের নীতির এটাই ব্যর্থতা—গত ২০ বছরে আমরা তাদের ১০ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিয়েছি। এর মধ্যে সামরিক সাহায্য ছিল খুবই সামান্য, বেশির ভাগ অর্থনৈতিক সাহায্য। ভারত সেই অর্থে সোভিয়েত ইউনিয়ন থেকে প্রচুর পরিমাণ অস্ত্র কিনেছে এবং অস্ত্র তৈরি করেছে, যা আমরা আদৌ চাইনি, কিন্তু সেটাই ঘটেছে।’নিক্সন বলেন, এখন থেকে ভারতকে সাহায্য দেওয়ার বিষয় এলে ভেবেচিন্তে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। নিক্সনের কথার জবাবে চৌ এন লাই বলেন, ‘ভারত আসলে একটা তলাবিহীন পাত্র।’ চৌয়ের জবাব শুনে হেসেছিলেন নিক্সন।নিক্সন আরও বলেছিলেন, ‘ভারত যদি পূর্ববঙ্গকে (বাংলাদেশ) গিলে ফেলার চেষ্টা করে, তাহলে বদহজম হবে এবং এর পরিণতি হবে ভয়াবহ।’ জবাবে চৌ বলেন, ‘সেটাই হতে বাধ্য। এটা খুবই পরিতাপের বিষয় যে ইন্দিরা তাঁর বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রেই ওই দর্শন পেয়েছেন।’নিক্সন জানান, ভারতীয় আক্রমণ নিরুত্সাহিত করার মতো যথেষ্ট অস্ত্র যে পাকিস্তানের আছে, সেটা বুঝতে না পারাই ছিল তাঁর প্রথম ভুল। আর দ্বিতীয় ভুল ছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে আশ্বস্ত করা। তিনি বলেন, ‘তাঁর সঙ্গে সাক্ষাতের পুরো সময় আমি তাঁকে আশ্বস্ত করেছি, যেখানে আমার উচিত ছিল তাঁকে সতর্ক করা। যেহেতু ভারত সম্পর্কে আমার মনোভাব কঠোর।’ পিটিআই।