চীন-ভারত আলোচনা আজ সাফল্য নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানাবিরোধ নিয়ে বেইজিংয়ে আজ সোমবার থেকে চীন ও ভারতের মধ্যে দুই দিনব্যাপী আলোচনা শুরু হচ্ছে। তবে চীন তার অবস্থানে অনড় থাকায় আলোচনার অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।এদিকে চীনা সীমান্তে মোতায়েন সেনাবাহিনীর অভিযান প্রস্তুতি ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং। ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল দালবির সিং গতকাল রোববার চীন সীমান্তবর্তী অঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করেন।বেইজিং আলোচনায় ভারতের তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। গতকাল সকালেই তাঁরা বেইজিংয়ের উদ্দেশে দিল্লি ত্যাগ করেন। আর চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের নিরাপত্তা উপদেষ্টা দাই বিংগু।এ নিয়ে দুই পক্ষের বিশেষ প্রতিনিধিদলের মধ্যে ১৬ দফা আলোচনা হচ্ছে। কিন্তু কার্যত কোনো ফল হয়নি। তাই বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা এখন অনেকটা ‘অনানুষ্ঠানিক আলোচনায়’ পরিণত হয়েছে।আগামী মার্চে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দাই বিংগুরও অবসরে যাওয়ার কথা। এ কারণে চীনা কর্তৃপক্ষ এ আলোচনাকে তেমন একটা আমলে নিতে চাইছে না। তবে প্রথমে ধারণা করা হয়েছিল, দাই বিংগু তাঁর রাজনৈতিক জীবনের শেষদিকে তাৎপর্যপূর্ণ কিছু সাফল্য অর্জনের চেষ্টা চালাবেন। ভারতের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, বেইজিং আলোচনায় ইতিবাচক কিছু ঘটার সম্ভাবনা ক্ষীণ। তিনি বলেন, ‘চীনা নেতৃত্ব পালাবদলের মধ্যে রয়েছে। তা ছাড়া বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে ইতিমধ্যে নিজেদের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছে বেইজিং।’চীনা কর্তৃপক্ষ গত মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, চীন তাদের দ্বীপ প্রদেশ হাইনানে নিজস্ব আইন অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করবে। এ ক্ষমতার আওতায় হাইনান কর্তৃপক্ষ সেখানে জাহাজ মোতায়েন ও জনগণের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে।দক্ষিণ চীন সাগরে অবস্থিত হাইনান প্রদেশের মালিকানা নিয়ে ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম ও তাইওয়ানের সঙ্গে চীনের বিরোধ রয়েছে।এ ছাড়া চীনের নতুন ই-পাসপোর্ট নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। এতে ভারতীয় ভূখণ্ডের একটা বিশাল অংশ চীনের বলে উল্লেখ করা হয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সময় ২০০৩ সালে দুই দেশের মধ্যে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা শুরু হয়।শিবশঙ্কর মেনন বলেন, ‘সীমানাসংকট নিরসনে একটি কাঠামো গঠনে আমরা কাজ করছি। আমাদের পরবর্তী করণীয় হচ্ছে সীমানা নির্ধারণের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো।’সম্প্রতি ভারত পূর্বাঞ্চলীয় সীমান্তে শক্তি বৃদ্ধি করছে। সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিধ্বংসী অস্ত্র মোতায়েন করছে তারা। টাইমস অব ইন্ডিয়া ও মেইল অনলাইন।