চীন-ভারতের সীমান্ত চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেইজিংয়ের দিয়োয়তায় প্রাদেশিক অতিথিভবনে আজ বুধবার সভা শুরুর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং করমর্দন করছেন। ছবি: রয়টার্স
বেইজিংয়ের দিয়োয়তায় প্রাদেশিক অতিথিভবনে আজ বুধবার সভা শুরুর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং করমর্দন করছেন। ছবি: রয়টার্স

সীমান্ত সংঘাত কমাতে আজ বুধবার এক চুক্তিতে উপনীত হয়েছে চীন ও ভারত। পারমাণবিক শক্তিধর দেশ দুটি হিমালয় এলাকায় তাদের দীর্ঘ সীমানা নিয়ে বহুদিন ধরে সংঘাতে লিপ্ত।

রয়টার্স জানায়, চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে বৈঠকের পর বেইজিংয়ের পার্লামেন্ট বা জাতীয় গণভবনে চুক্তি স্বাক্ষরিত হয়।

চীনের দাবি, হিমালয়ের পূর্বদিকের ৯০ হাজার বর্গকিলোমিটার এলাকার প্রকৃত দাবিদার সে নিজে। কিন্তু ভারত বলছে, চীন ‘আকসি চিন’ মালভূমির ৩৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে রেখেছে এবং এ মালভূমিটি ভারতের মূল ভূখণ্ডের অংশ।

এ নিয়ে ১৯৬২ সালে দেশ দুটির মধ্যে কয়েক দিনের যুদ্ধও হয়েছে। সে সময় থেকে কিছুদিন পরপরই দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে সীমানা অতিক্রমের অভিযোগ আনে। এ ছাড়া এ নিয়ে তাদের কূটনৈতিক সম্পর্কও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়।

মনমোহনের সঙ্গে আলোচনার পর চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন, ‘আমি নিশ্চিত যে এর মধ্য দিয়ে সীমান্ত এলাকায় শান্তি, প্রশান্তি ও স্থিতিশীলতা ফিরবে।’

চীন ও ভারতের সীমান্ত প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ। পশ্চিমে লাদাখ মালভূমি থেকে শুরু হয়ে পূর্বে অরুণাচল প্রদেশের বনভূমি পর্যন্ত বিস্তৃত এ সীমান্ত।

গত সপ্তাহে ভারতের এক সেনা কর্মকর্তা রয়টার্সকে জানান, হিমালয় অঞ্চলের কয়েকটি স্থানে চীন ও ভারতের সীমানা পরিষ্কার নয়। এমনকি সে এলাকাগুলো কার দখলে, তা-ও বোঝা সম্ভব নয়। তবে দখল-পাল্টা দখলের পর সে সীমানা আপাতভাবে রক্ষিত হচ্ছে, সেটিকেই নিয়ন্ত্রণরেখা হিসেবে বিবেচনা করা হয়।

চুক্তি স্বাক্ষরের পর মনমোহন গণমাধ্যমকে বলেন, সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও দূরদর্শিতার মানসিকতাকে টেকসই করবে এ চুক্তি।

নতুন চুক্তি অনুযায়ী, অনির্ধারিত সীমান্ত এলাকাগুলোতে টহল দেওয়ার সময় দুদেশের সীমান্তরক্ষীরা পরস্পরকে অবগত করবে। সংঘাত এড়াতে এক দেশের সেনারা আরেক দেশের সেনাদের গোপনে অনুসরণ করবে না। যদি কখনো দুপক্ষ মুখোমুখি হয়েই যায়, তবুও তারা ‘সর্বোচ্চ সহনশীলতা’ প্রদর্শন করবে। দেশ দুটির মধ্যে ব্রিগেডিয়ার পর্যায়ে টেলিফোনে ‘হটলাইন’ আগের মতো কার্যকর থাকবে। তবে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ অবাধ করতে সব কর্মকর্তার মধ্যে ‘হটলাইন’ চালু হবে।

গত মে মাসে চীন একটি সেনা চৌকি স্থাপন করলে তা নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। তিন সপ্তাহ ধরে চলে ওই সংঘাত। ভারত দাবি করেছিল, চীন ভারতের দাবি করা এলাকায় (ভারতের চিহ্নিত সীমানার ১০ কিলোমিটার ভেতরে) চৌকি স্থাপন করেছে। তবে চীন বলেছিল, তারা ভারতের ভূখণ্ডে নয়, বরং নিজেদের ভূমিতেই চৌকি স্থাপন করেছে।

দুদেশের মধ্যে অবিশ্বাস ও বিভ্রান্তির অভিযোগ প্রসঙ্গে লি কেকিয়াং বলেন, ‘চীন ও ভারত প্রাচীন সভ্যতা। দুদেশের জনগণ যথেষ্ট জ্ঞানী এবং সরকারেরা সীমান্ত সমস্যা নিরসনে যথেষ্ট পারঙ্গম। দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই।’