চীন মিথ্যার ওপর প্রতিষ্ঠিত দেশটির নেতারা সবাই ভণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্চবিশপ ডেসমন্ড টুটুর জন্মদিন উদ্যাপনে দক্ষিণ আফ্রিকায় যেতে না পেরে চীনের ওপর দারুণ চটেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি বলেছেন, চীন মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। আর দেশটির নেতারা সবাই ভণ্ড। ক্ষুব্ধ দালাই লামা এভাবেই সমালোচনা করেন চীনের।গত শনিবার ছিল শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী টুটুর ৮০তম জন্মবার্ষিকী। জন্মদিন উদ্যাপনে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল দালাই লামার। তবে চীন নাখোশ হতে পারে, এ আশঙ্কায় তাঁকে ভিসা দেয়নি দক্ষিণ আফ্রিকা। তাই জন্মদিনের অনুষ্ঠানে সশরীরে হাজির হওয়ার পরিকল্পনা বাতিল করতে হয় তাঁকে। পরে ভিডিও ফোনে টুটুর সঙ্গে কথা বলেন দালাই লামা।কথোপকথনের সময় দালাই লামা বলেন, তিনি সত্য কথা বলায় চীন অস্বস্তিতে পড়ে। তিনি বলেন, চীনের নেতাদের কেউ কেউ তাঁকে দানব হিসেবে বর্ণনা করেন। স্বাভাবিকভাবেই দানবকে কেউ কেউ ভয় পায়। তবে বাস্তবে ভণ্ডামি ও মিথ্যা বলা চীনা নেতাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। যাঁরা সত্য বলেন, তাঁরাই চীনা সরকারের অস্বস্তির কারণ।দালাই লামা বলেন, সৎ ব্যক্তিরা দীর্ঘজীবী হন। তাই তিনি টুটুর ৯০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলে আশা রাখেন। টুটুকে উদ্দেশ করে তিনি বলেন, সেই সময় আমন্ত্রণ জানাতে যেন তিনি ভুল না করেন। যাতে দক্ষিণ আফ্রিকা সরকারের তখনকার মনোভাব বোঝা যায়।দালাই লামাকে ভিসা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকার সরকারকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়। এমনকি দেশটির পার্লামেন্টের বাইরেও এ নিয়ে বিক্ষোভ হয়েছে। তবে চীনের চাপের কথা অস্বীকার করেছে দেশটির সরকার। রয়টার্স ও বিবিসি অনলাইন।