চীন-যুক্তরাষ্ট্রের নতুন স্নায়ুযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন গত সপ্তাহে দেশটির ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার হামলায় জড়িত আন্তর্জাতিক হ্যাকিং গ্রুপগুলোর একটি লম্বা তালিকা সরবরাহ করেছে। এসব গ্রুপ ইতিমধ্যে বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে অসংখ্য তথ্য চুরি করে।ওই হামলায় সাংহাইভিত্তিক চীনের সামরিক সাইবার কমান্ড সদর দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে একটি মার্কিন ইন্টারনেট সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু ওবামা প্রশাসনের সরবরাহ করা তালিকায় অত্যন্ত স্পর্শকাতর এই অভিযোগকে এড়িয়ে যাওয়া হয়। বিশ্লেষকেরা মনে করেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠানের এই সাইবার হামলা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন স্নায়ুযুদ্ধের আলামত। প্রচ্ছন্ন এই স্নায়ুযুদ্ধের কারণে বিশ্বের দুই অর্থনৈতিক শক্তির সম্পর্ক এখন রীতিমত পরীক্ষার সম্মুখীন। হ্যাকিংয়ে জড়িত চীনা প্রতিষ্ঠানকে নিয়ে ওই লুকোচুরিতে স্পষ্ট যে হ্যাকিংকে কেন্দ্র করে চীনের অপরীক্ষিত নতুন নেতৃত্বের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে পড়ার বিষয়ে ওবামা প্রশাসনের মধ্যে বড় রকমের সংবেদনশীলতা রয়েছে।বিশ্লেষকেরা বলেন, ওবামা প্রশাসনের ওই অবস্থান গত কয়েক দশকের পরিচিত সুপার পাওয়ারের স্নায়ুযুদ্ধ থেকে সাইবার স্নায়ুযুদ্ধের পার্থক্যও নির্দেশ করে। যেমন ক্ষেত্রবিশেষে এই নতুন স্নায়ুযুদ্ধ অপেক্ষাকৃত কম ভয়াবহ, তবে অধিকতর জটিল ও ধ্বংসাত্মক।প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর বারাক ওবামা তাঁর প্রথম স্টেট অব দি ইউনিয়ন ভাষণে চীনের নাম উল্লেখ না করে বলেন, ‘আমরা জানি, কিছু বিদেশি রাষ্ট্র ও প্রতিষ্ঠান আমাদের করপোরেট গোপনীয়তার ওপর আক্রমণ করছে। শত্রুরা এখন আমাদের পাওয়ার গ্রিড, আর্থিক প্রতিষ্ঠান ও বিমান চলাচল নিয়ন্ত্রণ-ব্যবস্থাতেও অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর সামর্থ্য অর্জনের চেষ্টা চালাচ্ছে।’সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যানডিয়্যান্ট মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চীনের ওই সাইবার হামলার ওপর ৭৪ পৃষ্ঠার একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে। অনেক পশ্চিমা বিশেষজ্ঞই মনে করেন, এসব হ্যাকিংয়ের পেছনে চীনের রাষ্ট্রীয় মদদ রয়েছে।চীনের সাংহাইয়ের একটি ১২ তলা ভবনকে দেশটির সামরিক বাহিনীর সাইবার গুপ্তচরবৃত্তির কাজে নিয়োজিত একটি ইউনিটের সদর দপ্তর বলে ম্যানডিয়্যান্ট চিহ্নিত করে। এতে ভবনটির নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি এর আশপাশে সাময়িকভাবে সাংবাদিকদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করে চীনা কর্তৃপক্ষ।ম্যানডিয়্যান্ট তার প্রতিবেদনে অভিযোগ করে, চীনের হ্যাকিং গ্রুপ ‘এপিটি-ওয়ান’ (অ্যাডভান্সড পারসিসট্যান্ট থ্রেট) দেশটির সামরিক বাহিনীর ৬১৩৯৮ ইউনিটের একটি শাখা। এটি কমপক্ষে ২০টি শিল্প গ্রুপের ১৪১টি প্রতিষ্ঠানের তথ্য চুরি করেছে। তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেং ইয়ানসেং এক বিবৃতিতে অভিযোগ নাকচ করে বলেন, ম্যানডিয়্যান্টের অভিযোগের ‘কোনো যৌক্তিক ভিত্তি নেই’। এ ছাড়া কোন ধরনের তৎপরতা হ্যাকিং বলে গণ্য হবে, সে বিষয়েও আন্তর্জাতিক কোনো ঐকমত্য নেই।