চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল শুক্রবার তিন দিনের সফরে রাশিয়ায় পৌঁছেছেন। প্রেসিডেন্ট হিসেবে এটাই তাঁর প্রথম বিদেশ সফর। জিনপিংয়ের এই সফরে রাশিয়া থেকে চীনের মধ্যে জ্বালানি ও বিনিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়াকে বেছে নেন জিনপিং। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ও জ্বালানির সবচেয়ে বড় ভোক্তা চীন রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ বাড়াতে চায়। এই সফরে জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর করবেন।রাশিয়া সফর শুরুর প্রাক্কালে রাশিয়ার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জিনপিং বলেন, চীন ও রাশিয়া পরস্পরের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। অনেক বিষয়েই এই দুই দেশ একই সুরে কথা বলে। জিনপিংয়ের রাশিয়া সফর উপলক্ষে ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে ভ্লাদিমির পুতিন বলেন, শি জিনপিং তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়াকে বেছে নিয়েছেন। এতেই দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিষয়টি স্পষ্ট হয়। রাশিয়ায় তিন দিনের সফর শেষে জিনপিং আফ্রিকায় যাবেন। তিনি তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা ও কঙ্গো সফর করবেন। আফ্রিকায়তিনি ২৭ ও ২৮ মার্চ ‘ব্রিকস’-এর (ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা—পাঁচটি উদীয়মান অর্থনৈতিক দেশের সমন্বয়ে গঠিত সংগঠন) সম্মেলনে যোগ দেবেন।এক সংবাদ সম্মেলনে জিনপিং বলেন, চীন ও রাশিয়া সম্পর্ক একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্কজোরদার ও পরস্পরের জন্য আরও বেশি উন্নয়নের সুযোগ রয়েছে।প্রথম বিদেশ সফরে জিনপিংয়ের রাশিয়াকে বেছে নেওয়ার বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। এশিয়ায় মার্কিন আধিপত্য ঠেকানোর কৌশল হিসেবে চীন এমন উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বছর দুই দেশের মধ্যে আট হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক লেনদেন হয়েছে। এএফপি।