চীন সফরে গেলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তিন দিনের চীন সফরের শুরুতে বেইজিং পৌঁছেছেন। আজ সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিন-পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতার বৈঠক অব্যাহত থাকা অবস্থায় কোন পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোন বিবৃতি দেওয়া হয়নি।
তবে ধারণা করা হচ্ছে, বিগত বছরগুলোতে ভূখণ্ডগত বিরোধ নিয়ে ক্রমশ তিক্ত হয়ে আসা দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার উপায় নিয়ে তাঁরা মতামত বিনিময় করছেন।
এ ছাড়া শীর্ষ বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে আগামী বছর জাপানে রাষ্ট্রীয় সফর করার জন্য চীনের প্রেসিডেন্ট শিকে আমন্ত্রণ জানাবেন। চীনের সমর বল বৃদ্ধি করা নিয়ে জাপানের উদ্বেগ কমাতে কোন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি চীন দেবে কিনা, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।
জাপানের প্রধানমন্ত্রীর বছর শেষের এই চীন সফরে মূল উদ্দেশ্য, চীনের দক্ষিণ-পশ্চিমের শহর চেংদু’তে আগামীকালের ত্রি-পক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দেওয়া। ওই বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনও অংশ নেবেন। ত্রি-পক্ষীয় শীর্ষ পর্যায়ের আলোচনায় চীনের পক্ষ থেকে যোগ দেবেন প্রধানমন্ত্রী লি কেচিয়াং। তিন দেশের নেতারা সেখানে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বাইরে বাণিজ্য ও অর্থনৈতিক খাতের মতপার্থক্য দূর করে নেওয়ার চেষ্টা করবেন।
এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চল জুড়ে বিস্তৃত নতুন একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে চলা আলোচনা ত্বরান্বিত করা নিয়েও তাঁরা মতামত বিনিময় করবেন।
ত্রি-পক্ষীয় শীর্ষ বৈঠকের বাইরে জাপানের প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ভিন্নভাবে যে বৈঠকে মিলিত হচ্ছেন, সেদিকে সংবাদমাধ্যম নজর রাখছে। গত ১৫ মাস ধরে প্রতিবেশী দুই দেশের নেতাদের মধ্যে আনুষ্ঠানিক কোন বৈঠক হয়নি।
এ ছাড়া বছরের মাঝামাঝি সময় থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেখা দেওয়া জাপানের টানা পড়েন উভয় দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দুই দেশ বিরোধ নিষ্পত্তির চেষ্টায় ইতিমধ্যে কর্মকর্তা পর্যায়ের একাধিক আলোচনায় মিলিত হন। ফলে আবে-মুন শীর্ষ বৈঠক বরফ গলার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে নিতে সাহায্য করবে কিনা সেদিকে অনেকে নজর রাখছেন।
এদিকে চেংদু’তে ত্রি-পক্ষীয় আলোচনা শুরু হওয়ার আগে থেকে উত্তর কোরিয়া বাগাড়ম্বরের মাত্রা বাড়িয়ে নেওয়ায় ধারণা করা হচ্ছে, পিয়ংইয়াং হয়তো সেই সময় নতুন কোন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।
বিশেষ করে উত্তর কোরিয়ার পরমাণু মুক্তকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা আলোচনায় দেখা দেওয়া অচলাবস্থা ভেঙে ফেলার উদ্যোগ ওয়াশিংটন না নিলে উত্তরের নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্টকে বড়দিনের উপহার দেওয়ার যে হুমকি দিয়েছেন, তা কার্যকর করার সময় এগিয়ে আসায় এই ধারণা অনেকে করছেন।
পাশাপাশি উত্তর কোরিয়া বিষয়ক বিশ্লেষকদের অনেকেই বলছেন, চীনা ভূখণ্ডে চীনের জন্য গুরুত্বপূর্ণ একটি বৈঠক চলাকালে সেরকম কোন পদক্ষেপ উত্তর কোরিয়া এ কারণে নেবে না । কারণ যে চীনের দুয়ার হচ্ছে দেশটির সামনে ক্রমশ সংকুচিত হয়ে আশা আন্তর্জাতিক যোগাযোগের বিরল একটি পথ। বেইজিংকে চটিয়ে নিজের ক্ষতি করা উত্তর কোরিয়া সম্ভবত চাইবে না। আগামীকালের ত্রি-পক্ষীয় আলোচনায় অবশ্য উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু মুক্তকরণ নিয়েও তিন দেশের নেতারা মতামত বিনিময় করবেন।